রাজশাহীতে পুলিশের মানবিকতায় মানসিক ভারসাম্যহীন কিশোর ইউসুফ (১৮) ফিরল আপন ঠিকানায়।

রোববার (২০ এপ্রিল) সকালে ওসি দুরুল হোদা ওই কিশোরের পরিচয় নিশ্চিতের পরে তার মায়ের হাতে তুলে দেয়া হয়।

মানসিক ভারসাম্যহীন কিশোরের ইউসুফ (১৮)। তার মায়ের নাম বিউটি বেগম। বাড়ি কুষ্টিয়ার কুমারখালি এলাকায়।

জানা গেছে, গত শনিবার দিবাগত রাত সাড়ে এগারোটার দিকে তার কাছে একটি ফোনকল আসে। মুঠোফোনে জানানো হয় একজন মানসিক ভারসাম্যহীন কিশোরকে এলাকায় ঘুরতে দেখে লোকজন তাকে আটকে রেখেছে। সাথে সাথে তাকে উদ্ধার করে দুর্গাপুর থানায় নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

মানসিক ভারসাম্যহীন ওই যুবকের দেয়া তথ্যের সূত্র ধরে রাতেই কুষ্টিয়া জেলার বিভিন্ন থানায় যোগাযোগ করে ছবি পাঠিয়ে ও তার নাম পরিচয় নিশ্চিত করতে কাজ শুরু করে থানা পুলিশ। এরপর রাতে তার পরিচয় শনাক্ত করার বিষয়টি কুষ্টিয়ার কুমারখালী থানা থেকে নিশ্চিত করা হয়।

পুলিশ জানায়, সংশ্লিষ্ট থানার সাথে যোগাযোগ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ছবি পোস্ট দেয়ার পর পরিবারের সন্ধান নিশ্চিত হওয়ার পর তাকে হস্তান্তর করা হয়।

মানসিক ভারসাম্যহীন ইউসুফের মা বিউটি বেগম জানান, তার ছেলে মানসিক ভারসাম্যহীন। তাকে রাজশাহীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসকের কাছে নিয়ে আসেন। সকালে নাস্তা করার সময় লক্ষীপুর মোড় থেকে নিখোঁজ হন। এই প্রথমবার আমার ছেলে নিখোঁজ হয়।

তিনি জানান, ছেলেকে ফিরে পেয়ে খুশিতে আত্মহারা হয়ে দুর্গাপুর থানা পুলিশ ও সোশ্যাল এক্টিভিসদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দুরুল হোদা বলেন, ‘মানসিক ভারসাম্যহীন কিশোরকে তাকে উদ্ধারের পর তার পরিচয় ঠিকানা জিজ্ঞাসা করলে সে কিছুই বলতে পারেনি। পরে তার পরিচয় নিশ্চিত হয়ে তার মায়ের হাতে তুলে দেয়া হয়েছে। প্রত্যেকটি মায়ের কাছে তার সন্তান অমূল্য সম্পদ। মানসিক ভারসাম্যহীন কিশোরকে পাগল ভেবে অনেকেই হয়তো খারাপ আচরণ করতে পারে।’

তিনি বলেন, ‘দুর্গাপুর থানার পুলিশ ইউসুফকে উদ্ধার করে তার মায়ের কাছে ফিরিয়ে দেয়ার সময় তার মায়ের যে অনুভূতি তা প্রতিটি মানুষের মনকে নাড়া দিবে।’