গাজীপুরের কাপাসিয়ায় শীতলক্ষ্যা নদীতে গোসলে নেমে স্রোতের টানে তলিয়ে যাওয়ার দু’দিন পর খোরশেদ আলম (৪০) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।

রোববার (৬ জুলাই) দুপুর ১২টার দিকে উপজেলার শীতলক্ষ্যা নদীর রানীগঞ্জ এলাকায় নির্মাণাধীণ ব্রিজের নিচ তার লাশ ভাসতে দেখে উদ্ধার করে স্থানীয়রা।

খোরশেদ আলম উপজেলার কাপাসিয়া মধ্যপাড়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে।

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মন্ডল জানান, শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে মা-বাবার সাথে খোরশেদ আলম শীতলক্ষ্যা নদীর ফকির মজনু শাহ্ সেতুর নিচে গোসল করতে নামেন। এক পর্যায়ে পানির স্রোতে তিনি তলিয়ে যান। রোববার স্থানীয় বাসিন্দা জাহাঙ্গীর হোসেন শীতলক্ষ্যা নদীর রানীগঞ্জ এলাকায় নির্মাণাধীণ ব্রিজের নিচে খোরশেদ আলমের লাশ ভাসতে দেখেন। পরে এলাকাবাসী তার লাশ উদ্ধার করে।