চট্টগ্রামের মিরসরাইয়ে দাঁড়িয়ে থাকা একটি সিএনজি চালিত অটোরিকশার পেছনে ধাক্কা দেয় একটি লরি। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং তার ভেতরে থাকা আলিফা (৫) নামের একটি শিশু ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হয়।
সোমবার (৭ জুলাই) বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনের মিরসরাই পৌরসদরের কলেজ রোড় মুখে এই দুর্ঘটনা ঘটে।
নিহত আলিফা উপজেলার হাইতকান্দি ইউনিয়নের ৫নং ওয়ার্ডের পশ্চিম হাইতকান্দি এলাকার গাজী ভূইয়াঁ বাড়ির মো: জহির উদ্দিনের মেয়ে।
ঘটনার প্রত্যক্ষদর্শী মফিজুল ইসলাম বলেন, ‘সিএনজি চালিত অটোরিকশাটি কলেজ রোড়ের মুখে দাঁড়িয়ে যাত্রী তুলছিলেন। এ সময় একটি লরি সিএনজির পেছন দিক থেকে ধাক্কা দেয়। এতে সিএনজিটি দুমড়েমুচড়ে গিয়ে শিশু আলিফা গাড়ি থেকে পড়ে মাথায় গুরুতর আঘাত পায় এবং ঘটনাস্থলে মারা যায়।’
মিরসরাই সেবা আধুনিক হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা: মোহাম্মদ রুম্মান বলেন, হাসপাতালে আসার আগে শিশু আলিফার মৃত্যু হয়েছে। মাথায় গুরুতর আঘাত পেয়ে রক্তক্ষরণ হয়ে তার মৃত্যু হয়।
জোরারগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) বোরহান উদ্দিন বলেন, সোমবার বিকেলে দুর্ঘটনাটি ঘটে। এতে আলিফা (৫) নামের একটি শিশু ঘটনাস্থলে মারা যায়।
তিনি আরো বলেন, পরিবারের লোকজন শিশুটির লাশ বাড়িতে নিয়ে গেছেন। লরি চালক এবং দুর্ঘটনাকবলিত গাড়িগুলো থানা হেফাজতে রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।