কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে দায়িত্ব পালনকালে বাসের চাকায় পিষ্ট হয়ে এক হাইওয়ে পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন।

আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার ভাদালিয়া হাইওয়ে পুলিশ ক্যাম্পের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত হাফিজুর রহমান (৩০) পাবনা জেলার চাটমোহর উপজেলার জাগরকোল গ্রামের আহম্মদ আলীর ছেলে। তিনি কুষ্টিয়া চৌড়হাস হাইওয়ে থানায় কর্মরত ছিলেন।

চৌড়হাস হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) নাজির আহম্মেদ জানান, হাফিজুর রহমান সকাল সাড়ে ১০টার দিকে মহাসড়কে দায়িত্ব পালন করছিলেন। এ সময় কুষ্টিয়া থেকে আসা ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বহনকারী একটি বাস ট্রাক ওভারটেক করার সময় তাকে চাপা দেয়। এ সময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

হাফিজুর রহমানের দ্বিতীয় স্ত্রী হাবিবা খাতুন জানান, তারা সাত মাস আগে বিয়ে করেছেন। আগের বিয়ে থেকে তার এক কন্যা সন্তান রয়েছে।

কুষ্টিয়া চৌড়হাস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আল মামুন জানান, দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হয়েছে। বাসের চালক ও সহকারী পলাতক রয়েছে। প্রয়োজনীয় কার্যক্রম শেষে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।