দুবাই প্রবাসীকে অপহরণের পর মুক্তিপণ আদায়কালে এক নারীসহ তিনজনকে গ্রেফতার করেছে সাভার থানা পুলিশ।
শনিবার (১৫ মার্চ) দুপুরে গ্রেফতার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে। এর আগে শুক্রবার তাদের পৌর এলাকার নামা গেন্ডা থেকে অপহৃত প্রবাসীকে উদ্ধার এবং অপহরণে জড়িত থাকার অভিযোগে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন- মারফ হোসেন (৩৪), আরিফ হোসেন (২৮) ও লাভলী আক্তার (২৯)। অপহৃত প্রবাসী মনসুর আলম চট্টগ্রামের বাঁশখালী থানার ছেছুরিয়া গ্রামের নুরুস সাফার ছেলে।
অপহরণ ও মুক্তিপণ আদায়কালে তিনজনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জুয়েল মিঞা।
পুলিশ জানায়, একই কপিলের অধীনে কাজ করার সুবাদে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে প্রবাসী মনসুর আলমের সাথে পরিচয় হয় লাভলী আক্তারের। ৯ মাস আগে লাভলী তার কাছ থেকে ৬৫ হাজার টাকা ধার নিয়ে দেশে ফিরে আসেন। এদিকে প্রবাসী মনসুর আলম গত ২৬ জানুয়ারি দেশে ফেরার পর লাভলী আক্তারের কাছে পাওনা টাকার জন্য যোগাযোগ করেন। গত ১২ মার্চ পাওনা টাকা গ্রহণ করতে ব্যাংক টাউনে গেলে জোরপূর্বক তাকে অপহরণ করে নেয়া হয় নামা গেন্ডার একটি বাড়িতে। তার পকেটে থাকা ৭২ হাজার টাকাও ছিনিয়ে নেয় অপহরণকারীরা। এ সময় প্রবাসীর ওপর চালানো হয় নির্মম নির্যাতন। মুক্তিপণ হিসেবে দাবি করা হয় নগদ সাড়ে তিন লাখ টাকা। এ বিষয়ে ওই প্রবাসীর পরিবার থানায় অভিযোগ করলে পুলিশ তথ্যপ্রযুক্তির সহযোগিতায় আসামিদের অবস্থান শনাক্ত করে এবং অভিযান চালিয়ে অপহৃত প্রবাসীকে উদ্ধার এবং জড়িত চক্রের তিনজনকে গ্রেফতার করে।
নারীসহ তিনজন গ্রেফতার ও ঘটনার সত্যতা নিশ্চিত করেন সাভার মডেল থানার এসআই ইমরান হোসেন।