সাভার পৌর এলাকার বাঁশপট্টি মহল্লায় সোমবার (৩১ মার্চ) রাত ১২টার সময় রুবেল মিয়া (৩০) নামে এক নৈশপ্রহরীকে বাসা থেকে ডেকে নিয়ে হত্যা করেছে দুবৃর্ত্তরা।

রুবেল মিয়া বরিশাল জেলার নূর মোহাম্মদ খলিফার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সাভার পৌর এলাকার বাঁশপট্টি মহল্লার মনিরের মালিকাধীন বাড়িতে তিনি ভাড়া থাকতেন। ঈদের দিন রাত ১২টার দিকে তার মোবাইলে একটি কল এলে তিনি খাওয়া ফেলে চলে যান। পরে বাসায় খবর আসে তাকে গুলি করা হয়েছে। গুলিবিদ্ধ রুবেলকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্ত্রী রহিমা বেগম বলেন, তার স্বামীর জন্য রাতের খাবার গরম করবেন এমন সময় রুবেলের মোবাইলে একটি কল আসে। এরপরে তিনি বাসা থেকে বের হয়ে যান। তার কিছু সময় পরেই বাসায় খবর আসে রুবেলকে গুলি করা হয়েছে। তিনি বাঁশপট্টি এলাকায় পড়ে আছেন।

এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক ডা: হরনাথ সরকার অর্নব বলেছেন, রুবেলকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। তার মুখে গভীর ক্ষত রয়েছে। সেটা বুলেটের ক্ষত বলে জানান তিনি।

এদিকে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিঞা বলেছেন, খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়েছে। বিস্তারিত জানার চেষ্টা চলছে।