মিরসরাইয়ে রোলারের সাথে ধাক্কা খেয়ে খাদে উল্টে পড়েছে একটি তেলবাহী ভাউচার। এ সময় ভাউচারে আগুন ধরে যায়। পাশাপাশি এ দুর্ঘটনায় এক যুবক আহত হয়েছেন।
রোববার (২২ জুন) বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই সদর ইউনিয়নের জামালের দোকান এলাকায় ঢাকামুখী লেনে এই দুর্ঘটনা ঘটে।
মিরসরাই ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা আহতকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। আহতের নাম তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
জোরারগঞ্জ হাইওয়ে থানার এএসআই কামাল উদ্দিন বলেন, বিকেলে ঢাকামুখী লেনে তেলবাহী একটি ভাউচার সামনে থাকা চলন্ত রোলার এর পেছনে ধাক্কা দিয়ে মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। এ সময় তেলের ভাউচারটির ইঞ্জিন কেভিনে আগুন ধরে যায়। পরবর্তী সময়ে মিরসরাই ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
তিনি আরো বলেন, পরবর্তীতে গাড়ির ভেতর থেকে অজ্ঞান অবস্থায় এক যুবককে উদ্ধার করা হয়। তবে তার প্রকৃত পরিচয় এবং তিনি ভাউচারের চালক না চালকের সহকারী, তা নিশ্চিত হওয়া যায়নি। ক্রেন না পাওয়ায় সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত দুর্ঘটনা কবলিত তেলের ভাউচারটি উদ্ধার করা সম্ভব হয়নি।