ময়মনসিংহের ভালুকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে তোফাজ্জল হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ২৪৫ জনের নামে মামলা করা হয়েছে। এছাড়া অজ্ঞাত আরো ১৫০ জনের কথা উল্লেখ হয়েছে এ মামলায়।

শুক্রবার (২১ মার্চ) উপজেলার মাস্টারবাড়ি এলাকার শরিফ মিয়া নামে এক ব্যক্তি ভালুকা মডেল থানায় এ মামলাটি করেন।

জানা যায়, ৪ আগস্ট সন্ধ্যায় ভালুকা উপজেলার মাস্টারবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার মিছিলে হামলা চালায় আওয়ামী লীগের সন্ত্রাসীরা। এ সময় তারা রাজমিস্ত্রী তোফাজ্জল হোসেনকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে। ঘটনার সাত মাস পর শুক্রবার শেখ হাসিনাকে প্রধান আসামি করে ২৪৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়।

নিহত তোফাজ্জল হোসেন নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলার পিজাহাতি গ্রামের মরহুম আব্দুর রশিদের ছেলে। তিনি পেশায় একজন রাজমিন্ত্রী ছিলেন। এছাড়া তিনি জৈনাবাজার এলাকার নগর হাওলা গ্রামের কাশেমের বাড়িতে বাসাভাড়া থাকতেন বলে জানা গেছে।

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শামছুল হুদা খান বলেন, ‘তোফাজ্জল হত্যার ঘটনায় মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।’