ঢাকা-বরিশাল মহাসড়কে বেপরোয়া বাসের ধাক্কায় মজিবর মোল্লা (৭০) নামের অবসরপ্রাপ্ত সেনা সদস্য নিহত হয়েছেন। রোববার ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মজিবর গৌরনদী উপজেলার কটকস্থল গ্রামের মৃত কেরামত আলীর ছেলে ও অবসরপ্রাপ্ত সেনা ছিলেন। এ ঘটনায় ভ্যানের আরো তিন যাত্রী গুরুতর আহত হয়েছেন।
গৌরনদী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো: বিপুল হোসেন জানিয়েছেন, রোববার ১১টার দিকে ঢাকাগামী লাবিবা পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো ব-১২-৩৪৭৩) মহাসড়কের গৌরনদী উপজেলার সাউদের খাল এলাকায় ব্যাটারি চালিত ভ্যানকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ভ্যান যাত্রী মজিবরসহ আরো তিন যাত্রী গুরুতর আহত হয়। খবর পেয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মজিবরকে মৃত বলে ঘোষণা করেন।
তথ্যের সত্যতা নিশ্চিত করে গৌরনদী হাইওয়ে থানার ওসি মো: আমিনুর রহমান জানিয়েছেন, দুর্ঘটনার পরপরই বাসের চালক বাস ফেলে পালিয়েছে। ঘাতক বাস ও দুর্ঘটনা কবলিত ভ্যান জব্দ করা হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।