দেশের বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র চলছে মন্তব্য করে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও ঢাকা মহানগর উত্তরেরসহ সেক্রেটারি ডা: ফখরুদ্দিন মানিক বলেছেন, ‘আমরা যে স্বপ্ন নিয়ে দল মত নির্বিশেষে সকল মতবাদের মানুষকে নিয়ে ফ্যাসিস্ট থেকে দেশকে মুক্ত করেছিল তার বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। আমাদেরকে সকল ষড়যন্ত্র রুখে দিতে ঐক্যবদ্ধ থাকতে হবে।’

শুক্রবার (২১ মার্চ) বিকেলে ফেনীর সোনাগাজীতে জামায়াতে ইসলামী বাংলাদেশ সোনাগাজী উপজেলা শাখার উদ্যোগে সাংবাদিকদের সম্মানে আয়োজিত এক ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।

ডা: ফখরুদ্দিন মানিক বলেন, ‘আমাদের ঐক্যবদ্ধ সংগ্রামের মধ্যে দিয়ে অর্জিত স্বাধীনতাকে রক্ষা করতে হবে। আমাদের মধ্যে বিভাজনের চেষ্টা অব্যাহত রয়েছে, ইতোমধ্যে যা প্রকাশ্যে দেখা যাচ্ছে।’

তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, ‘সাংবাদিকরা জাতির ক্রান্তিলগ্নে অতীতে যেভাবে ভূমিকা রেখেছেন, একইভাবে আগামী দিনগুলোতেও আপনাদের ভূমিকা অব্যাহত রাখতে হবে। বিভ্রান্তি দূর করতে সত্যকে মানুষের সামনে তুলে ধরতে হবে।’

এ সময় উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মোহাম্মদ মোস্তফার সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ফেনী জেলা আমির মাওলানা মুফতি আব্দুল হান্নান, ফেনী জেলা প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুর রহিম, ইসলামি ফোরাম আফ্রিকার সভাপতি মেছবাহ উদ্দিন ফারুকী, সোনাগাজী পৌর জামায়াতের আমির মাওলানা কালিম উল্যাহ, সেক্রেটারি মহোসিন পাটোয়ারী, উপজেলা সেক্রেটারি মাওলানা বদরুদ্দোজা প্রমুখ উপস্থিত ছিলেন।