ইসরাইলের পণ্য বর্জনের আহ্বানে সচেতনতা বাড়াতে ক্যাম্পাসে লিফলেট বিতরণ করেছে বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। লিফলেটে শিক্ষার্থীদের মাঝে ‘একটি বোমা কেনার টাকা আসে পণ্য বিক্রির মাধ্যমেই, তাই আমরা ইসরাইলের পণ্য বর্জন করলেই তাদের আগ্রাসন দুর্বল হবে’ বলে বার্তা দেয়া হয়।

শুক্রবার (১৮ এপ্রিল) ক্যাম্পাসজুড়ে এ লিফলেট বিতরণ করে দলটির নেতাকর্মীরা।

বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের সামনে ও অন্যান্য গুরুত্বপূর্ণ পয়েন্টে শিক্ষার্থীদের মাঝে এ লিফলেট বিতরণ করা হয়। কর্মসূচির নেতৃত্ব দেন সংগঠনের প্রতিষ্ঠাকালীন সাবেক সদস্য আরিফ হোসেন শান্ত।

শান্ত বলেন, ‘এটি শুধু একটি রাজনৈতিক কর্মসূচি নয়, একটি মানবিক দায়িত্বও। ফিলিস্তিনে চলমান গণহত্যা ও মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে ছাত্রসমাজের পক্ষ থেকে এটি একটি অর্থনৈতিক প্রতিরোধ। একইসাথে এ কর্মসূচি ছাত্রসমাজকে জাগ্রত করবে।’

আজমাইন সাকিব নামে আরেক নেতা বলেন, ‘বিশ্ববিদ্যালয় শুধু জ্ঞানচর্চার জায়গা নয়, সচেতনতা তৈরির স্থানও। আজকের এ কর্মসূচি প্রমাণ করে ছাত্রদল সব সময় মানবতার পাশে ও অন্যায়ের বিরুদ্ধে।’

এ সময় আজমাইন সাকিব, মাহমুদ ইমরান, মো: আব্দুল্লাহ নূর কাফি, জিয়াদুর রহমান, এ আরাফাত, ওসমান সাকিব, মো: রিফাত মাহমুদ, মো: সাজ্জাদ হোসেন, মো: মিরাজ, মো: হাবিব, মো: হাসান, মো: হোসেন, মো: সাকিব মিয়া, সায়মন, তাহমিদ হক মামুন, সোহাগ প্রমুখ উপস্থিত ছিলেন।