কুষ্টিয়ায় ভারত সীমান্তবর্তী এলাকা থেকে ১৭ লক্ষাধিক টাকার মাদক উদ্ধার করেছে বিজিবি। বিজিবি-৪৭ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো: মাহবুব মুর্শেদ রহমান মঙ্গলবার (১৮ মার্চ) এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সোমবার (১৭ মার্চ) দুপুরে আশ্রয়ণ বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৫৪ থেকে আনুমানিক ৬০০ মিটার বাংলাদেশের অভ্যন্তরে ঠোটারপাড়া নামক স্থানে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে জালেমা বেগম (৪৫) নামে এক নারীকে ৪৭০ গ্রাম গাঁজাসহ আটক করতে সক্ষম হয়।

পরে মঙ্গলবার প্রাগপুর বিওপির জামালপুর মাঠ নামক স্থানে অভিযান চালিয়ে মালিকবিহীন ২১০ বোতল ফেনসিডিল ও ৬৭৫ গ্রাম হেরোইন আটক করা হয়েছে।

এছাড়া সীমান্তবর্তী বিভিন্ন এলাকা থেকে ভারতীয় দুই কেজি গাঁজা ও একটি মোটরসাইকেল এবং কাথুলী বিওপির সীমান্ত এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ভারতীয় চার কেজি গাঁজা আটক করা হয়েছে।

উদ্ধারকৃত ভারতীয় মাদকদ্রব্য ও অন্যান্য মালামালের আনুমানিক সিজার মূল্য ১৭ লাখ ১৬ হাজার ৬৪৫ টাকা।