মাগুরায় শিশু আছিয়ার ধর্ষকদের সর্বোচ্চ শাস্তিসহ দেশের বিভিন্ন প্রান্তে ঘটা ধর্ষণের দ্রুত বিচারের দাবিতে শনিবার মধ্যরাতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা।
এ সময় তারা আগামী ২৪ ঘণ্টার মধ্যে ধর্ষকদের বিচারের দাবি করেন।
শনিবার (৮ মার্চ) দিবাগত রাত পৌনে ৩টায় বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের বটতলায় জমায়েত করে সেখান থেকে একটি মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে রাত পৌনে ৩টায় ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করেন।
এ সময় শিক্ষার্থীদের ‘ধর্ষকদের গদিতে, আগুন জ্বালো একসাথে’, ‘তুমি কে-আমি কে, আছিয়া-আছিয়া’, ‘জাস্টিস জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস’, ‘হলে হলে খবর দে, ধর্ষকদের কবর দে’, ‘চব্বিশ-এর বাংলায়, ধর্ষকদের ঠাঁই নাই’- স্লোগান দিতে দেখা যায়।
বিক্ষোভে অংশ নেয়া নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নাজমুল ইসলাম বলেন, ‘সারাদেশে ধর্ষণ বেড়েই চলেছে। গত পরশু মাগুরাতে আট বছরের শিশু পর্যন্ত ধর্ষকের হাত থেকে রক্ষা পায়নি। শনিবার গাজীপুরে তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ করে সে দৃশ্য নিজের স্মার্টফোনে ধারণ করেন এক তরুণ। এসব ঘটনার দৃশ্যমান বিচার না হওয়ার কারণে ক্রমান্বয়ে ধর্ষণের মতো অপরাধ বেড়ে চলেছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতির এই অবনতির দায় সরকারকে নিতে হবে। অবিলম্বে ধর্ষকদের সর্বোচ্চ বিচার নিশ্চিত করতে হবে। তা না হলে আপামর ছাত্র-জনতা আমাদের মা-বোনদের নিরাপত্তার জন্য ফের আন্দোলন গড়ে তুলবে।’
রসায়ন বিভাগের শিক্ষার্থী শামসুজ্জামান বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানের সময় যে স্বপ্ন নিয়ে জনগণ রক্ত দিয়েছিল, সেই স্বপ্ন এখন দুঃস্বপ্নে পরিণত হয়েছে। অন্তবর্তী সরকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে পারেনি। ধর্ষণের মতো ভয়াবহ ঘটনা একের পর এক ঘটেই চলেছে, যা সাধারণ মানুষের নিরাপত্তাহীনতার বড় উদাহরণ্য।’
তিনি আরো বলেন, ‘আগামী ২৪ ঘণ্টার মধ্যে ধর্ষণের ঘটনায় অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা না হলে আমরা ফের ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করব এবং স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি তুলব।’