উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপের কারণে পটুয়াখালীসহ দেশের উপকূলীয় অঞ্চলে বৈরী আবহাওয়া বিরাজ করছে।

আজ বুধবার ভোর থেকে লঘুচাপের প্রভাবে কুয়াকাটাসহ উপকূলীয় এলাকায় টানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ও মাঝারি ধরনের বৃষ্টি শুরু হয়েছে। আকাশ মেঘাচ্ছন্ন, তবে বাতাসের গতিবেগ খুব বেশি না হলেও অমাবস্যার জোয়ারের কারণে নদ-নদীর পানি বৃদ্ধি পেয়েছে। এর ফলে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর বেশ উত্তাল রয়েছে।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, সৃষ্ট লঘুচাপটি আরো ঘনীভূত হতে পারে, যার ফলে উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে পটুয়াখালীর পায়রাসহ দেশের চারটি সমুদ্রবন্দর- চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রাকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সঙ্কেত দেখাতে বলা হয়েছে।

এছাড়া, মাছ ধরার ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সতর্কতার সাথে চলাচল করতে বলা হয়েছে।