চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয়ের আঙ্গিনায় আহত অবস্থায় পড়ে থাকা বিরল প্রজাতির একটি প্যাঁচা উদ্ধার করেছে বনবিভাগ।

সোমবার (৫ মে) বিকেলে বনবিভাগের একটি দল প্যাঁচাটিকে উদ্ধার করে উপজেলা প্রাণীসম্পদ অফিসে নিয়ে যায়।

ওই বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সুভাষ সরকার জানান, দুপুরে ভবনের পাশ দিয়ে হাঁটার সময় কয়েকজন শিক্ষার্থী অসুস্থ অবস্থায় প্যাঁচাটিকে পড়ে থাকতে দেখে। পরে বিষয়টি বনবিভাগকে জানালে প্যাঁচাটিকে উদ্ধার করা হয়।

বনবিভাগের জোরারগঞ্জ বিট অফিসার মো: হাসানুজ্জামান বলেন, ‘খবর পাওয়ার পর আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্যাঁচাটিকে উদ্ধার করি। পরে উপজেলা প্রাণীসম্পদ অফিসে নিয়ে যাওয়া হলে চিকিৎসক জানান, প্যাঁচাটির একটি ডানা ভেঙে গেছে। তাই তাকে ব্যথানাশক ইনজেকশন দেয়া হয়েছে। পরে চট্টগ্রামে নিয়ে চিকিৎসার পরামর্শ দেয়া হয়। ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে যোগাযোগ করে প্যাঁচাটির সুস্থতা নিশ্চিত করতে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।’

বনবিভাগ সূত্রে জানা যায়, উদ্ধার প্যাঁচাটি বিরল প্রজাতির এবং এটি বাংলাদেশের বন্যপ্রাণী সংরক্ষণ আইনের আওতায় সুরক্ষিত।