ময়মনসিংহের ভালুকায় ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় আকলিমা খাতুন (৩০) নামে এক গার্মেন্টস শ্রমিক নিহত হয়েছেন।
বুধবার (৭ মে) সকালে উপজেলার নিঝুরী পুলের ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় উপজেলার বান্দিয়া গ্রামের জুয়েল মিয়ার স্ত্রী স্থানীয় গ্রিন টেক্সটাইল কারখানার শ্রমিক আকলিমা খাতুন ভ্যানগাড়িতে চড়ে কর্মস্থলে যাচ্ছিলেন।
এ সময় উপজেলার নিঝুরী এলাকার মুচারিয়া পুলের ঘাট পৌঁছালে পেছন থেকে একটি ব্যাটারিচালিত অটোরিকশা ভ্যানটিকে ধাক্কা দিলে আকলিমা ভ্যান থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন। এ সময় আহত আকলিমাকে প্রথমে ভালুকা সরকারি হাসপাতালে ও পরে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ভালুকা মডেল থানার এএসআই আতিকুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।