মিরসরাই উপজেলা, মিরসরাই ও বারইয়ারহাট পৌরসভা বিএনপির কমিটি বিলুপ্ত করা হয়েছে। চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খোন্দকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি বিলুপ্ত করা হয়।
মঙ্গলবার (১৮ মার্চ) রাত ৮টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন গোলাম আকবর।
জানা গেছে, ২০২২ সালের ৩১ মার্চ শাহীদুল ইসলাম চৌধুরীকে আহ্বায়ক ও গাজী নিজাম উদ্দিনকে সদস্য সচিব করে মিরসরাই উপজেলা আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এছাড়া দিদারুল আলম মিয়াজীকে আহ্বায়ক ও নিজাম উদ্দিন কমিশনারকে সদস্য সচিব বারইয়ারহাট পৌরসভা বিএনপি এবং মহিউদ্দিনকে আহ্বায়ক ও জাহিদ হুসাইনকে সদস্য সচিব করে মিরসরাই পৌরসভা বিএনপির কমিটি গঠন করা হয়।
সদ্য বিলুপ্ত কমিটির আহ্বায়ক শাহীদুল ইসলাম চৌধুরী ও সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন বলেন, ‘আমাদের কমিটির নেতৃত্বে ফ্যাসিস্ট হাসিনা সরকার বিরোধী সকল আন্দোলন সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করা হয়েছে। ৫ আগস্ট হাসিনা সরকার পতন আন্দোলনে রাজপথে থেকে নেতৃত্ব দিয়ে সফল হয়েছি। এখন দলের স্বার্থে সাংগঠনিক যে কোনো সিদ্ধান্তকে স্বাগত জানাই।’
চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য গোলাম আকবর খোন্দকার জানান, ‘দলের সাংগঠনিক সিদ্ধান্ত অনুযায়ী তিনটি আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে তিনটি ইউনিটে নতুন কমিটি ঘোষণা করা হবে।