যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: আমিনুল হক জানিয়েছেন, দেশের বেকার যুবকদের আত্মকর্মসংস্থান, কর্মসংস্থান এবং উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে যুব উন্নয়ন অধিদফতরের (ডিওয়াইডি) আওতায় বর্তমানে ১০টি প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। একইসাথে দ্রুত সময়ে দৃশ্যমান ফল অর্জনের লক্ষ্যে আরো ছয়টি নতুন প্রকল্প গ্রহণের উদ্যোগ নেয়া হয়েছে।
মঙ্গলবার জাতীয় সংসদে সরকারি দলের সদস্য মো: মোস্তাফিজুর রহমান বাবুলের (জামালপুর-৩) টেবিলে লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে প্রতিমন্ত্রী বলেন, চলমান প্রকল্পগুলোর মূল উদ্দেশ্য হলো দেশের বেকার যুবকদের দক্ষ মানবসম্পদে পরিণত করা, আত্মকর্মসংস্থান ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা এবং নতুন উদ্যোক্তা তৈরি করা।
তিনি জানান, বর্তমানে বাস্তবায়নাধীন প্রকল্পগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশের সুবিধাবঞ্চিত গ্রামীণ জনগোষ্ঠীর জন্য ‘টেকনোলজি এমপাওয়ারমেন্ট সেন্টার অন হুইলস’ (দ্বিতীয় পর্যায়), ‘দারিদ্র্য বিমোচনে আধুনিক প্রযুক্তিনির্ভর সমন্বিত সম্পদ ব্যবস্থাপনা’ (তৃতীয় পর্যায়), যুব প্রশিক্ষণ কেন্দ্রে জীবনদক্ষতা শিক্ষা ও জাতীয় যুব প্ল্যাটর্ফম শক্তিশালীকরণ (লাইফ স্কিলস প্রকল্প), শিক্ষা, কর্মসংস্থান বা প্রশিক্ষণের বাইরে থাকা (এনইইটি) যুবকদের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধির জন্য ইএআরএন প্রকল্প, কক্সবাজারে নারী ও যুবকদের দক্ষতা ও অর্থনৈতিক সুযোগ বৃদ্ধির আইএসইসি প্রকল্প, যুব উন্নয়ন অধিদফতরের নতুন প্রকল্পের সম্ভাব্যতা সমীক্ষা, কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন কেন্দ্রের সম্প্রসারণ ও আধুনিকায়ন, ৬৪ জেলায় আইসিটি প্রশিক্ষণ প্রদানের সক্ষমতা বৃদ্ধি (দ্বিতীয় পর্যায়), ৬৪ জেলায় শিক্ষিত চাকরিপ্রত্যাশী যুবকদের জন্য ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ এবং আইসিটি-দক্ষ যুবকদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক দক্ষতা উন্নয়ন প্রকল্প।
প্রতিমন্ত্রী বলেন, এসব প্রকল্পের পাশাপাশি বেকার যুবকদের দ্রুত কর্মসংস্থানের আওতায় আনতে এবং আত্মকর্মসংস্থানের সুযোগ বাড়াতে আরো ছয়টি অগ্রাধিকারভিত্তিক প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়েছে।
তিনি জানান, প্রস্তাবিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে উপজেলা পর্যায়ে কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানের জন্য প্রশিক্ষণ কার্যক্রম জোরদারকরণ (দ্বিতীয় পর্যায়), যানবাহন চালনা প্রশিক্ষণ প্রকল্প (দ্বিতীয় পর্যায়), শারীরিক ও মানসিক প্রতিবন্ধী নাগরিকদের সেবাদানে কেয়ারগিভার উন্নয়ন প্রকল্প, সব মহানগরে বেকার যুবকদের জন্য ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ এবং দেশে-বিদেশে কর্মসংস্থানের সুযোগ বাড়াতে মহানগর এলাকার বেকার যুবকদের জন্য মোবাইল সার্ভিসিং ও ভাষা প্রশিক্ষণ প্রকল্প।
তিনি বলেন, এসব প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে বেকার যুবকদের দক্ষ মানবসম্পদে রূপান্তর, কর্মসংস্থান সৃষ্টি, আত্মকর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণ এবং নতুন উদ্যোক্তা তৈরির মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখা সম্ভব হবে। সূত্র : বাসস