নির্বাচন কমিশনার (ইসি) আবদুর রহমানেল মাছউদ বলেছেন, প্রধান উপদেষ্টা ঘোষিত সময়ানুযায়ী চলতি বছরের ডিসেম্বর অথবা ২০২৬ সালের প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন করা হবে।

শনিবার (২২ মার্চ) সকালে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বানাইল ইউনিয়ন পরিষদে ভোটার নিবন্ধন কার্যক্রম পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ বলেন, ‘জাতীয় নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের যে সমস্ত পদক্ষেপ গ্রহণ করা দরকার কমিশন সেটা করছে।’

তিনি বলেন, ‘একটি নির্ভুল ভোটার তালিকা সুষ্ঠু নির্বাচনের পূর্বশর্ত। ভোটার তালিকা যত নির্ভুল হবে নির্বাচন তত সুষ্ঠু হবে। নির্বাচনের জন্য যে সমস্ত প্রস্তুতি নেয়া দরকার কমিশনার সে সমস্ত প্রস্তুতি নিচ্ছে। আজকে ভোট কেন্দ্র বা ভোটার নিবন্ধন কার্যক্রম পরিদর্শন সেই প্রস্তুতিরই অংশ। সুষ্ঠু ভোট গ্রহণে সকলের সহযোগিতা দরকার।’

নির্বাচন কমিশনার বানাইল ইউনিয়ন পরিষদে ভোটার নিবন্ধন কার্যক্রম পরিদর্শন শেষে সেখানে তিনি ভোটার নিবন্ধন কার্যক্রমে নিয়োজিতদের সাথে মতবিনিময় করেন।

এ দিন সকাল সাড়ে ১০টার দিকে নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ মির্জাপুরে পৌঁছালে তাকে স্বাগত জানান টাঙ্গাইলের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো: মাহাবুব হাসান, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ বি এম আরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার রেজওয়ান মাহাবুব সিদ্দিকী, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো: শাহিনুর ইসলাম প্রামানিক, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মতিয়ূর রহমান, উপজেলা নির্বাচন কর্মকর্তা শাহানাজ আক্তার, মির্জাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মোশারফ হোসেন, বানাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন সিদ্দিকী প্রমুখ।