ভারত-পাকিস্তানের সঙ্ঘাত পরিস্থিতির প্রেক্ষিতে যেকোনো প্রকারের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

এছাড়া সীমান্ত পথে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি-৪৭ ব্যাটলিয়ন কুষ্টিয়া সীমান্তে নজরদারি ও টহল তৎপরতা বৃদ্ধি করা হয়েছে।

বিজিবি-৪৭ ব্যাটলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুবু মুর্শেদ রহমান জানান, ‘৫ আগস্টের পর থেকেই কুষ্টিয়া সীমান্তে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। এছাড়া মাদক পাচাররোধ ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সতর্ক অবস্থানে আছে। পাশাপাশি সীমান্তের অখণ্ডতা রক্ষা করা এবং দায়িত্বপূর্ণ এলাকায় নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখায় কোনো ছাড় দেয়া হবে না।’

তিনি আরো জানান, ‘বিএসএফ-এর সাথে আমাদের পেশাগত ও সৌহার্দপূর্ণ সম্পর্ক রয়েছে। ভারত-পাকিস্তান উত্তেজনাকে কেন্দ্র করে কুষ্টিয়া সীমান্তে প্রতিপক্ষের কোনো তৎপরতা নেই। সামরিক উত্তেজনাকে কেন্দ্র করে আমাদের দায়িত্বপূর্ণ এলাকায় এখনো পর্যন্ত কোনো ধরনের অস্বাভাবিক পরিস্থিতি সৃষ্টি হয়নি।’

তিনি বলেন, ‘বিধি অনুযায়ী চলমান পরিস্থিতিতে সীমান্তে নজরদারি, টহল ও জনবল প্রয়োজন অনুসারে বৃদ্ধি করা হয়েছে। বিজিবির বাড়তি টহল ও নিরাপত্তা জোরদার করায় সীমান্ত এলাকার বাসিন্দাররা স্বস্তিতে আছে।’