গাজীপুরের শ্রীপুরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সারুফ মোড়ল (১৭) নামে এক এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে।

সোমবার (১০ আগস্ট) ভোর ৬টার দিকে রাজধানীর ক্রিসেন্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য মতিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত সারুফ মোড়ল উপজেলার মাওনা ইউনিয়নের সিংগারদিঘী গ্রামের বাসিন্দা শাহান মোড়লের ছেলে। তিনি নওয়াব হাবিবুল্লাহ মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে চলতি বছর এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছিলেন।

পরিবার সূত্রে জানা গেছে, গত তিন দিন ধরে জ্বরে ভুগছিলেন সারুফ। শরীরের অবস্থা খারাপ হতে থাকায় রোববার সকালে তাকে মাওনা চৌরাস্তা এলাকার একটি বেসরকারি হাসপাতালে নেয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষায় তার ডেঙ্গু শনাক্ত হয়। অবস্থার অবনতি হওয়ায় দ্রুত তাকে রাজধানীর ক্রিসেন্ট হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোর ৬টার দিকে তার মৃত্যু হয়।

নিহতের চাচা মাহফুজুল হাসান হান্নান জানান, চলতি বছরের এইচএসসি পরীক্ষার সব বিষয়ের লিখিত পরীক্ষা দিয়েছিলেন সারুফ। সোমবারই তার একটি ব্যবহারিক পরীক্ষা থাকার কথা ছিল। পরীক্ষার প্রস্তুতির মধ্যেই ডেঙ্গুতে তার মৃত্যু আমরা মানতে পারছি না।

স্থানীয় ইউপি সদস্য মতিউর রহমান বলেন, শুধু কয়েকটি ব্যবহারিক পরীক্ষা বাকি ছিল, এ সময় তার মৃত্যু দুঃখজনক।