চট্টগ্রামের মিরসরাইয়ে ব্যক্তিগত সম্পত্তি জবর দখলের অভিযোগ উঠেছে এক ভাড়াটিয়া দম্পতির বিরুদ্ধে। ঘরের মালিক খালেদা বেগম সম্পত্তি উদ্ধার করতে গেলে ভাড়াটিয়া ছকিনা বেগম ও নজরুল ইসলাম ভাড়া করা সন্ত্রাসী দিয়ে ঘরের মালিক ও তার পরিবারের উপর হামলার অভিযোগ উঠেছে।

সোমবার (৩০ জুন) বিকেলে উপজেলা সদরের একটি রেস্তোরাঁয় এ বিষয়ে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

ভুক্তভোগী খালেদা বেগম বলেন, ‘২০০৭ সালে মিরসরাই পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে মিরসরাই প্রেসক্লাব সড়কে পাঁচ শতক জায়গা কিনে ঘর করি। ঘরটি ভাড়া দিয়ে আমি পরিবার নিয়ে চট্টগ্রাম শহরে বসবাস করি। ২০২০ সালে নজরুল ইসলাম ও ছকিনা বেগম নামে এক দম্পতি ঘরটি ভাড়া নেয়। এক বছর তিন মাস নিয়মিত ভাড়া পরিশোধ করলেও পরে তারা বিভিন্ন অজুহাত দেখিয়ে ঘর ভাড়ার টাকা দেয়া বন্ধ করে দেয়। দীর্ঘদিন ভাড়া বকেয়া থাকায় তাদের ঘর ছেড়ে দিতে বলার পর উল্টো আমার উপর মারধর ও বিভিন্ন হুমকি দেয়া শুরু করে।’

তিনি আরো বলেন, ‘স্থানীয় আদালতে অভিযোগ করলে প্যানেল মেয়র এবং সর্বসম্মতিক্রমে ২৭ মাসের বকেয়া পরিশোধ করে আমার বাসা খালি করে দেয়ার নির্দেশ দেয়া হয়। কিন্তু তাতেও কোনো কাজ হয়নি। আমি প্রশাসনের কাছে এর সুষ্ঠু বিচার চাই।’

এই বিষয়ে জানতে সোমবার রাত সাড়ে ৭টায় ভাড়াটিয়া ছকিনা বেগমকে একাধিকবার ফোন দিলে তার ফোন বন্ধ পাওয়া যায়।

যোগাযোগ করা হলে মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান বলেন, হামলার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠিয়েছি। এ বিষয়ে অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।