শিল্পখাতে গ্যাসের দাম ৩৩ শতাংশ বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে নারায়ণগঞ্জ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এনসিসিআই) সভাপতি মুস্তাফিজুর রহমান ভূঁইয়া জানিয়েছেন, দাম বৃদ্ধির ফলে শ্রমজীবী মানুষের ভোগান্তি ব্যাপক পরিমাণে বাড়বে অন্যদিকে ব্যবসায়ী সিন্ডিকেট প্রশ্রয় পাবে।
শনিবার (১৯ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে শিল্পখাতকে রক্ষায় সিদ্ধান্ত বাতিলের দাবি জানান এনসিসিআইয়ের সভাপতি।
তিনি বলেন, ‘শিল্পখাতে ও ক্যাপটিভে গ্যাসের দাম ৩৩ শতাংশ বৃদ্ধির যে সিদ্ধান্ত এনার্জি রেগুলেটরি কমিশন পেট্রোবাংলাসহ ছয়টি গ্যাস বিতরণ কোম্পানির মাধ্যমে নিচ্ছে এটা সম্পূর্ণ অযৌক্তিক ও অবাস্তব। এ সিদ্ধান্ত আমাদের শিল্পখাতের জন্য আত্মঘাতী হবে। শিল্পখাতের জন্য আমাদের এলএনজি আমদানি করতে হয়। আমাদের খনিজ গ্যাস ও আমদানি গ্যাসের দাম সমন্বয় করলে সিস্টেম লসের পরও প্রতি ঘনমিটার দর আনুমানিক সর্বোচ্চ ২২ টাকার মূল্য হতে পারে। এনার্জি রেগুলেটরি কমিশন বর্তমানে ৩০ টাকা হারে প্রতি ঘনমিটার গ্যাসের দাম নিচ্ছে।’
তিনি বলেন, দাম বৃদ্ধির ফলে শ্রমজীবী মানুষের ভোগান্তি ব্যাপক পরিমাণ বাড়বে। অন্যদিকে ব্যবসায়ী সিন্ডিকেট প্রশ্রয় পাবে। এ সিদ্ধান্তে ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠানগুলো নতুন সংকটে পড়বে এবং নতুন শিল্প উদ্যোক্তাদের শিল্প কারখানা স্থাপনে অনুৎসাহী করবে।
মুস্তাফিজুর রহমান ভূঁইয়া আরো বলেন, ‘বর্তমানে গ্যাসের মূল্য বৃদ্ধির কোনো প্রয়োজন আমরা দেখছি না। আমদানি এলএনজি গ্যাসের বিবেচনা করে কিছুটা মূল্য বৃদ্ধি হতে পারে তবে সেটা অবশ্যই যৌক্তিক হওয়া চাই এবং আন্তর্জাতিক বাজারে দর কমানোর সাথে সাথে আমাদের দেশেও সেটা সমন্বয় করতে হবে।’
এ সময় এনার্জি রেগুলেটরি কমিশনকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘আপনারা গ্যাসের দাম ৩৩ শতাংশ বৃদ্ধি করলেন, একটা প্রতিষ্ঠান কি ৩৩ শতাংশ লাভ করে? তাহলে ৩৩ শতাংশ অতিরিক্ত বিল কি করে শিল্প প্রতিষ্ঠান দেবে? তাছাড়া এ বৃদ্ধির ফলে শিল্প খাতে অন্যান্য কাঁচামালসহ আরো অনেক কিছুর দাম স্বয়ংক্রিয়ভাবেই বেড়ে যাবে। তাহলে শেষে কি দাঁড়াবে? শিল্প প্রতিষ্ঠান গ্যাসের বিল দিতে পারবে না, আপনারা এসে লাইন কেটে দিবেন এবং শিল্প কারখানা অটোমেটিক বন্ধ হয়ে যাবে।’
এনসিসিআই সভাপতি বলেন, ‘বর্তমান অন্তবর্তী সরকারকে শ্রদ্ধার সাথে অনুরোধ করব কোনোভাবেই যেন গ্যাসের দাম বৃদ্ধি করা না হয়। তবে আমদানিকৃত গ্যাসের মূল্য সমন্বয়ের জন্য যৌক্তিকভাবে কিছুটা বাড়ালেও আন্তর্জাতিক বাজারে মূল্য কমানোর সাথে সাথে তা সমন্বয় করার জন্য অনুরোধ রইল।’