সুশাসনের জন্য নাগরিক (সুজন) সম্পাদক ও জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য ড. বদিউল আলম মজুমদার বলেছেন, রাজনৈতিক দলগুলোর কতগুলো মৌলিক বিষয়ে একমত থাকা দরকার। সেই মৌলিক বিষয়গুলো সম্পর্কে একমত হয়ে যদি জাতীয় সনদ প্রণয়ন করা যায় এবং নির্বাচিত সরকার সেগুলো বাস্তবায়ন করলে ভবিষ্যতে স্বৈরাচারের পুনঃপ্রবর্তন ঠেকাতে পারব।

শনিবার (৫ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জ শহরের চাষাড়ায় একটি কনভেনশন সেন্টারে নাগরিক সংলাপে তিনি এসব কথা বলেন।

সুশাসনের জন্য নাগরিক (সুজন) নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে ‘সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রের রক্ষাকবচ’ শীর্ষক জাতীয় সনদ ও নাগরিক প্রত্যাশা বিষয়ে এ আয়োজন করা হয়।

এ সময় সুজনের কেন্দ্রীয় যুগ্ম-সমন্বয়কারী দিলীপ কুমার সরকার, জমির উদ্দিন সরকার, রফিউর রাব্বি ও সুজন নারায়ণগঞ্জ জেলা সভাপতি ধীমান সাহা জুয়েল প্রমুখ বক্তব্য রাখেন।

বদিউল আলম মজুমদার বলেন, ‘এখন সবচেয়ে বড় সম্ভাবনার দ্বার খুলেছে এক সাগর রক্তের বিনিময়ে। আমাদের ১৪০০ থেকে ২০০০ হাজার ছেলে-মেয়েরা প্রাণ দিয়েছে। শুধু ছেলে-মেয়েরা নয় সমাজের সর্বস্তরের ব্যক্তিরা প্রাণ দিয়েছে। প্রায় ৩০ হাজার ব্যক্তি আহত হয়েছে। এ সম্ভাবনার দ্বার যেন বাস্তবে রূপান্তরিত হয় সেজন্য রাজনৈতিক দলগুলোকে একমত হতে হবে।’

তিনি বলেন, ‘আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে ন্যূনতম বিষয়েও কোনো ঐকমত্য নেই। আমরা যদি কতগুলো গুরুত্বপূর্ণ বিষয়ে ঐকমত্যে পৌঁছাতে পারি, আদর্শের ভিন্নতা থাকতে পারে তবুও তারা যদি একত্রে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতো, শেখ হাসিনার বিদায়ের পর যে সম্ভাবনার দ্বার উন্মেচিত হয়েছে সেটা বাস্তবায়িত হতো।’