জুলাই অভ্যুত্থানে ছাত্র-জনতার আন্দোলনে সরাসরি হামলার অভিযোগে সাভারে পৃথক স্থান থেকে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল মামলার এক আসামিসহ নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের সাভার উপজেলার সহ-সভাপতি রকিব আহমেদ রকি (২৮) ও সাভারের বিরুলিয়া ইউনিয়ন ১ নম্বর ওয়ার্ডের কৃষকলীগের সভাপতি বিল্লাল হোসেনকে (৩৫) গ্রেফতার করা হয়েছে।
সোমবার (২১ এপ্রিল) গ্রেফতার আসামিদের আদালতে পাঠানো হয়েছে বলে জানান সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জুয়েল মিঞা।
এর আগে রোববার রাতে সাভারের বিরুলিয়া থেকে বিল্লাল হোসেনকে পুলিশ ও মানিকগঞ্জ এলাকা থেকে রবিক হোসেন রকিকে র্যাব-৪ গ্রেফতার করা হয়।
জানা যায়, কৃষকলীগ নেতা বিল্লাল হোসেন বিরুলিয়ার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাইদুর রহমান সুজনের ক্যাডার বাহিনীর সদস্য বলে জানা গেছে। তার বিরুদ্ধে জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতা হত্যায় অংশ নেয়ার অভিযোগসহ এলাকায় জমি দখল ও মানুষকে ভয়ভীতি দেখিয়ে বিভিন্ন সুবিধা বাগিয়ে নেয়ার অভিযোগ রয়েছে। সুজনকে এর আগে ঢাকা থেকে গ্রেফতার করা হয়।
অন্যদিকে মানিকগঞ্জ থেকে গ্রেফতার নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাভার উপজেলা শাখার সহ-সভাপতি রকিব আহমেদ রকি সরাসরি ছাত্র-জনতার ওপর হামলার মামলায় অভিযুক্ত। তার বিরুদ্ধে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে মামলার পাশাপাশি এলাকায় মাদককারবারি ও কিশোর গ্যাং পরিচালনাসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে।
রকি আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীনও বিভিন্ন অপকর্মের কারণে বেশ কয়েকবার গ্রেফতার হন। তার বিরুদ্ধে একাধিক হত্যা মামলাসহ প্রায় অর্ধডজন মামলা রয়েছে। সাভারের আলোচিত রোহান হত্যার সাথেও তার জড়িত থাকার অভিযোগ রয়েছে।