কুমিল্লার চৌদ্দগ্রামে এক শিশুকে ধর্ষণের অভিযোগে আলমগীর হোসেন সোহেল নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

বুধবার (২৬ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ।

আটক সোহেল সদর দক্ষিণ উপজেলার পূর্ব জোড়কানন ইউনিয়নের দরিবট্টগ্রামের মরহুম শফিকুর রহমানের ছেলে বলে জানা গেছে।

এদিকে ধর্ষণের পর ওই শিশুর মা থানায় একটি মামলা করেন।

মামলায় উল্লেখ করা হয়, স্বামীর সাথে বনিবনা না হওয়ায় দীর্ঘ নয় মাস ধরে চৌদ্দগ্রামের উজিরপুর ইউনিয়নের আশ্রাফপুর গ্রামে আরছ মিয়ার ভাড়া বাসায় বসবাস করে আসছেন ওই শিশু ও তার মা। শিশুর মা সদর দক্ষিণের বনফুল কোম্পানিতে চাকরি করেন। কোম্পানিতে রাতের অংশে ডিউটি করায় ওই মহিলা তার শিশু সন্তানকে আশপাশের মহিলাদের কাছে রেখে যান।

মঙ্গলবার রাত ১০টার দিকে পাশের বাড়ির ভাড়াটিয়া আলমগীর হোসেন সোহেল শিশুটিকে একা পেয়ে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন। এতে শিশুটির শরীরের বিভিন্নস্থানে ক্ষত ও আঘাতপ্রাপ্ত হয়। শিশুর চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে গিয়ে আলমগীর হোসেন সোহেলকে খাটের নিচে উলঙ্গ অবস্থায় পায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে আলমগীর হোসেন সোহেলকে আটক করে।

চৌদ্দগ্রাম থানার ওসি মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ বলেন, ‘শিশুটির মা ওই যুবকের বিরুদ্ধে মামলা করেছেন। যুবককে আটক করা হয়েছে।’