ময়মনসিংহের ভালুকায় এক সঙ্ঘবদ্ধ ডাকাত দল একটি পরিবারকে জিম্মি করে প্রায় ১০ লাখ টাকার নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার লুট করে পালিয়ে গেছে।

বুধবার (৭ মে) রাতে উপজেলার কাচিনা গ্রামের পশ্চিম পাড়ায় মাওলানা আবুল কালাম আজাদের বাড়িতে এই ঘটনা ঘটে।

সূত্রে জানা গেছে, মুখোশ পরা ১৫ থেকে ১৬ জনের একটি ডাকাত দল রাতে মাওলানা আবুল কালাম আজাদের বাড়িতে হানা দেয়। তারা আগে একটি পিকআপ ভ্যান রাস্তার ধারে রেখে বাড়ির দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে দড়ি দিয়ে বেঁধে ফেলে। পরে তারা ঘর থেকে নগদ দুই লাখ ৫০ হাজার টাকা এবং প্রায় পাঁচ ভরি স্বর্ণালঙ্কারসহ প্রায় ১০ লাখ টাকার সম্পত্তি লুট করে নিয়ে যায়।

মাওলানা আবুল কালাম আজাদের ছেলে শফিকুল ইসলাম জানান, তিনি রাতে খামারের কাজ শেষ করে বাড়ি ফিরে দরজার সিটকিনি লাগাননি। এ সুযোগে ডাকাতরা ঘরে ঢুকে পড়ে। তাদের আট থেকে নয়জন ঘরে ঢুকে এবং আরো অনেকে বাড়ির চারপাশে অবস্থান করছিল। তাদের পরিবারের সদস্যদের বেঁধে রেখে ডাকাতরা তার এবং তার ভাই ইঞ্জিনিয়ার মামুনের ঘর থেকে টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে।

শফিকুল ইসলাম অভিযোগ করেন, ঘটনার পরপরই থানায় খবর দেয়া হলেও পুলিশ বৃহস্পতিবার দুপুরে ঘটনাস্থলে পৌঁছায়। তিনি ঘটনার বিষয়ে থানায় মামলা দায়ের করবেন বলে জানিয়েছেন।

ভালুকা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) গোবিন্দ দাস জানান, তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।