নড়াইল শহরের কাছে মাদরাসা বাজার কোরবানির হাটে পশু কেনাবেচায় সরকার নির্ধারিত মূল্যের বাইরে অতিরিক্ত টাকা আদায়ের ঘটনায় যৌথ অভিযান পরিচালনা করেছে সেনাবাহিনী ও পুলিশ। এ সময় ছয় ইজারাদারকে ৩৬ হাজার টাকা জরিমানা করা হয়।
মঙ্গলবার (৩ জুন) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত এ অভিযান চালানো হয়।
জানা গেছে, অভিযানে সেনাবাহিনীর একটি টহল দল মাঠ পর্যায়ে নজরদারি চালায় এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট এ বি এম মনোয়ারুল আলমের নেতৃত্বে জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
সেনাবাহিনী জানায়, কোরবানির হাটে আসা ক্রেতা-বিক্রেতাদের নিরাপদ ও হয়রানিমুক্ত পরিবেশ নিশ্চিত করতে প্রাথমিকভাবে হাট কমিটিকে সতর্ক করে সেনাবাহিনী। এছাড়া মাইকিংয়ের মাধ্যমে সচেতনতামূলক বার্তা প্রচার করা হয়। এরপরেও অতিরিক্ত টাকা আদায়ের প্রমাণ পাওয়ায় ছয়জনকে আটক করে জরিমানা করা হয়।
এদিকে অভিযানের ফলে ক্রেতা-বিক্রেতাদের মাঝে স্বস্তি এসেছে। ঈদুল আজহা উপলক্ষে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখা এবং জনসাধারণের হয়রানি রোধে এ ধরনের অপরাধ পুনরাবৃত্তি না ঘটাতে সেনাবাহিনীর নিয়মিত টহল ও পর্যবেক্ষণ কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে সেনাবাহিনী।
এদিকে এর আগে গত ৩০ মে বিকেলে ৬০০ টাকার ইজারা ১৩০০ টাকা পর্যন্ত আদায়ের কারণে সদরের মাইজপাড়া হাটের ইজারাদার এস এম শামসুজ্জামান খোকনকে ৪০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।