কুমিল্লার চৌদ্দগ্রামে এলাকাবাসী ও নেতাকর্মীদের সাথে দীর্ঘদিন পর ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির, সাবেক এমপি ডা: সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ও শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।
সোমবার (৩১ মার্চ) সকালে উপজেলার আলকরা ইউনিয়নের ডেকরা গ্রামের ঈদগাহে তারা নামাজ পড়েন। পরে উপজেলার বিভিন্ন স্থান থেকে আগত নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন।
জানা গেছে, হাসিনা সরকারের পুরো সময়ে ডা: তাহের ও জাহিদুল ইসলাম এলাকায় ঈদ উদযাপন করতে পারেনি। এছাড়া চৌদ্দগ্রাম পৌরসভাসহ উপজেলার ১৩ ইউনিয়নের শত শত জামায়াত-শিবির নেতাকর্মীকেও বাড়িতে ঈদ উদযাপন করতে দেয়া হয়নি। গত জুলাই-আগস্ট অভ্যুথানে হাসিনা সরকারের পতন হলে শান্তিপূর্ণভাবে ঈদ উদযাপনের প্রস্তুতি নেয় নেতাকর্মীরা। সোমবার জামায়াত-শিবির নেতাকর্মীরা স্বাচ্ছন্দে পরিবারের সদস্যদের সাথে ঈদ উদযাপন করে।
জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির ডা: তাহের ও শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ঈদ শুভেচ্ছা বিনিময়কালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হাবের চেয়ারম্যান সৈয়দ গোলাম সরওয়ার, বায়োফার্মার ব্যবস্থাপনা পরিচালক ডা: লকিয়ত উল্যা, জামায়াতের চৌদ্দগ্রাম উপজেলা আমির মাহফুজুর রহমান, সাবেক আমির ভিপি সাহাব উদ্দিন, পৌর আমির মাওলানা ইব্রাহিম, উপজেলা সেক্রেটারি বেলাল হোসাইন, বিশিষ্ট সমাজসেবক সৈয়দ একরামুল হক হারুন, আলকরা ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা কুতুব উদ্দিন, সেক্রেটারি আবু নাছেরসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।