ময়মনসিংহের ভালুকায় নিখোঁজের দু’দিন পর একটি মৎস্য খামার থেকে মমিনুল ইসলাম সজল (২৩) নামে এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে।

বুধবার (৭ মে) সকালে লাশটি উদ্ধারের পর মর্গে পাঠায় পুলিশ।

মমিনুল ইসলাম সজল ভালুকা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড পূর্বভালুকা গ্রামের মরহুম সমর আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার দুপুরে নিখোঁজ হন সজল। এ ঘটনায় নিখোঁজের পর পরই পরিবারের পক্ষ থেকে মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। বুধবার সকালে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে খবর পেয়ে ভালুকা মডেল থানা পুলিশ ভালুকা-গফরগাঁও সড়কের দক্ষিণ পাশে পূর্বভালুকা গ্রামের রফিকুল ইসলামের মৎস্য খামার থেকে ভাসমান অবস্থায় অর্ধগলিত লাশটি উদ্ধার করে।

সজলের মামা রবি মিয়া জানান, তার ভাগিনা সজল স্থানীয় কুমার বাড়ির তাইজ উদ্দিনের মৎস্য খামারে চাকরি করতেন এবং সোমবার থেকে তাকে খোঁজে পাওয়া যাচ্ছিল না।

ভালুকা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম জানান, লাশটি উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থাগ্রহণ প্রক্রিয়াধীন।