ময়মনসিংহ নগরীতে প্রতিপক্ষের ছুরিকাঘাতে আরিফ মিয়া (৪০) নামে এক ব্যক্তি খুন হয়েছেন।
আজ সোমবার সকালে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) শফিক উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, পূর্ব শত্রুতার জেরে আরিফকে হত্যার ঘটনা ঘটে। আরিফের লাশ হাসপাতালের মর্গে রয়েছে।
এর আগে রোববার (৬ জুলাই) রাতে নগরীর ১৯ নম্বর ওয়ার্ডের বলাশপুর এলাকায় এ ঘটনা ঘটে।
আরিফ মিয়া ওই এলাকার আব্দুল কাদিরের ছেলে এবং ঘাতক সাখাওয়াত হোসেন সাগর একই এলাকার সুরুজ আলী ছেলে। তিনি একজন চিহ্নিত সন্ত্রাসী ও ছিনতাইকারী বলে জানা গেছে।
এ বিষয়ে আরিফের ভাতিজা দিদার বলেন, ‘গত মাসের ৯ জুন রাতে আমার চাচা আক্রাম হোসেন বাড়ি ফিরছিলেন। পথে সাখাওয়াত হোসেন চাচার পথরোধ করে ছুরি ঠেকিয়ে ৩৫ হাজার টাকা ও একটি মোবাইল রেখে দেয়। বিষয়টি জানার পর ১১ জুন আমরা আরিফকে নিয়ে তার বাড়িতে যাই। সেখানে গেলে সাখাওয়াত হোসেন সাগর আরিফকে ছুরিকাঘাত করে। পরে হাসপাতালে নিয়ে চিকিৎসা দিলে তিনি সুস্থ হয়ে উঠেন।’
তিনি আরো বলেন, ‘এ ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করি। পরে স্থানীয়দের অনুরোধে সালিশে বিষয়টি মীমাংসা হওয়ার কথা ছিল। কিন্তু, রোববার সন্ধ্যায় সাখাওয়াত হোসেনের সাথে আরিফের বাগ্বিতণ্ডা হয়। বাগ্বিতণ্ডার একপর্যায় সাখাওয়াত হোসেন ছুরি দিয়ে আরিফের বুকে আঘাত করে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। সাখাওয়াত হোসেন সাগর পেশাদার ছিনতাইকারী ও মাদককারবারি। এর আগে সাখাওয়াত হোসেন সাগর তিনটি হত্যা মামলার আসামি। আমার চাচা আরিফসহ সাখাওয়াত হোসেন সাগর চারজনকে হত্যা করেছে। আমি খুনিকে অতি দ্রুত গ্রেফতারের দাবি জানাচ্ছি।’
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবিরুল ইসলাম বলেন, আসামিকে গ্রেফতারের অভিযান চলছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।