গাজীপুরে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীনের সাথে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি বিষয়ক প্রতিষ্ঠান ইজিআইএস-এর এক্সিকিউটিভ কনসালটেন্ট ওয়ান পিল পার্কের সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৩ এপ্রিল) ডুয়েট ভিসির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ড. মো: আরেফিন কাওসার, পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ড. মো: শওকত ওসমান, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. রফিকুল ইসলাম, কম্পিউটার সেন্টারের পরিচালক ও আইসিটি সেলের চেয়ারম্যান অধ্যাপক ড. ফজলুল হাসান সিদ্দিকী, আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. মো: ওবায়দুর রহমান, ইনস্টিটিউট অব ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজির পরিচালক অধ্যাপক ড. মো: শফিকুল ইসলাম, আইইবি-এর ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার নিয়াজ উদ্দিন ভূঁইয়া এবং বিকস গ্লোবাল ডট কম-এর সিইও জাকির হোসাইন উপস্থিত ছিলেন।
সভায় ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন ডুয়েটের প্রযুক্তি ও প্রকৌশল বিষয়ক বিভিন্ন দিক তুলে ধরেন।
তিনি বলেন, ‘শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তিগত গবেষণা এবং প্রকাশনার ক্ষেত্রে দেশ-বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের সাথে কোলাবোরেশন ও নতুন ল্যাবরেটরি স্থাপন, বিদ্যমান অবকাঠামোর আধুনিকায়ন এবং অ্যাডভান্স রিসার্চ ও ইনোভেশন ফ্যাসিলিটিস উন্নয়নের মাধ্যমে ডুয়েটকে শীর্ষস্থানীয় অবস্থানে নিয়ে যেতে আমরা কাজ করছি।’
তিনি এ বিষয়ে সবার সহযোগিতা কামনা করেন। তিনি ওয়ার্ল্ড র্যাংকিংয়ে ডুয়েটের অবস্থান উন্নয়নে এবং শিক্ষা ও গবেষণাবান্ধব বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
তিনি আরো বলেন, ‘ডুয়েটের সকল শিক্ষক ও শিক্ষার্থীসহ সকলে একযোগে কাজ করে শিক্ষা, গবেষণা ও প্রকাশনার ক্ষেত্রে আমরা উদাহরণ সৃষ্টি করবো।’
সভায় কোরিয়ান প্রতিষ্ঠান তথ্য প্রযুক্তি, বিগ ডাটা, এআই প্রযুক্তি, ক্লাউড কম্পিউটিং, আইওটি ইত্যাদি বিষয়ে ডুয়েটের সাথে কাজ করতে আগ্রহ প্রকাশ করেন।
এক্সিকিউটিভ কনসালটেন্ট ওয়ান পিল পার্ক নির্দিষ্ট প্রজেক্ট প্রপোজালের মাধ্যমে ডুয়েটে আধুনিক ল্যাব স্থাপন, শিক্ষার্থীদের প্রশিক্ষণ, প্রশিক্ষণ পরবর্তী দেশে ও বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করা, স্কলারশীপের সুযোগ সৃষ্টি করাসহ ডুয়েটের বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগ করার আগ্রহ প্রকাশ করেন। এজন্য তিনি ডুয়েটের সাথে এমওইউ স্বাক্ষরসহ বিভিন্ন ক্ষেত্রে কোলাবোরেশন ও এক্সচেঞ্জ প্রোগ্রামের প্রস্তাব করেন।
এ সময় ভিসি ইজিআইএস-এর প্রতিনিধি ওয়ান পিল পার্ক-কে ধন্যবাদ জ্ঞাপন করেন।
বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ড. মো: আরেফিন কাওসার ডুয়েটকে এগিয়ে নেয়ার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।
এছাড়া সকালে ভিসি বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, পরিচালক, হল প্রভোস্ট, উপদেষ্টা, রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক, কম্পট্রোলার, লাইব্রেরিয়ান, প্রধান প্রকৌশলী, সহযোগী পরিচালক, অতিরিক্ত পরিচালক, সহকারী হল প্রভোস্টসহ বিভিন্ন অফিস প্রধানগণ এবং শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সাথে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় সবাই ডুয়েটকে এগিয়ে নিয়ে যেতে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।