ময়মনসিংহের ভালুকায় প্রাইভেটকার খাদে পড়ে চালক নিহত এবং তার ভাগিনা গুরুতর আহত হয়েছেন।
আজ শনিবার সকালে গফরগাঁও-ভালুকা আঞ্চলিক সড়কের বিরুনিয়া মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত চালকের নাম রুবেল মিয়া (৩০)। তিনি টাঙ্গাইল জেলার সখিপুর উপজেলার নলুয়া গ্রামের খোরশেদ আলমের ছেলে। আহত ভাগিনার নাম সাজিম (১৬)।
স্থানীয় সূত্রে জানা গেছে, রুবেল মিয়া সিলেট থেকে একটি প্রাইভেটকারে করে তার ভাগিনা সাজিমকে নিয়ে টাঙ্গাইলে নিজ বাড়ি ফিরছিলেন। সকালে ভালুকা উপজেলার বিরুনিয়া মোড় এলাকায় পৌঁছালে হঠাৎ কারটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে রুবেল ও সাজিম গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক রুবেলকে মৃত ঘোষণা করেন। আহত সাজিম বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আতিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছিল।