কুমিল্লার বরুড়ায় পুকুরে খেলছিল চার শিশু-কিশোর। এ সময় পাশের সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি পিকআপ পুকুরের ওই শিশু-কিশোরদের উপরে পড়ে। এতে ঘটনাস্থলেই মারা যায় এক কিশোর। আহত হয় আরো দু’জন।
বুধবার (২৩ এপ্রিল) উপজেলার ঝলম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জিসান (১৩) ওই এলাকার ফারুক হোসেনের ছেলে বলে জানা গেছে।
এছাড়া আহত মেহেদী হাসান (১১) ও মাহফুজ আলম (৮) একই এলাকার বাসিন্দা। তবে পুকুরের মাঝখানে থাকাতে বেঁচে যায় শিশু রাফি।
বরুড়া থানার পরিদর্শক (তদন্ত) সঞ্জয় সরকার বলেন, ‘বরুড়া বাজার থেকে একটি পিকআপ ঝলম বাজারের দিকে যাচ্ছিল। আমি যতটুকু দেখেছি রাস্তা কিছুটা ভাঙা ছিল। এছাড়া চালকের অসতর্কতা কিংবা পিকআপটি ব্রেকফেল করে এ দুর্ঘটনা ঘটতে পারে।’