পটুয়াখালীর কলাপাড়ায় সোহাগ হাওলাদার (২৭) নামে এক মামাতো দেবরের বিরুদ্ধে দুই সন্তানের জননী এক নারীকে (২৩) ব্লাকমেইল করে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে।
উপজেলার টিয়াখালী ইউনিয়নের মধ্য টিয়াখালী গ্রামে এ ঘটনা ঘটেছে। বর্তমানে ওই নারী কলাপাড়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
জানা গেছে, গতকাল দুপুর ১২টায় সোহাগ তাকে একা পেয়ে ধর্ষণ এবং রাতে ধর্ষণে ব্যর্থ হয়ে ওই নারীকে মারধর করেন।
আহত অবস্থায় ওই নারী জানায়, আত্মীয়তার সুবাদে সোহাগ প্রায়ই ওই নারীর ঘরে যাওয়া-আসা করতেন। প্রায় আড়াই বছর আগে তাকে ঘরে একা পেয়ে সোহাগ ধর্ষণ করেন এবং তা মোবাইলে ধারণ করেন। পরে ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে সে তাকে বেশ কয়েকবার ধর্ষণ করেন। এর মধ্যে গতকাল দুপুরে তাকে ঘরে একা পেয়ে আবারো ধর্ষণ করেন। সন্ধ্যায় ওই নারীর স্বামী নদীতে মাছ শিকারে যান। রাত সাড়ে ১১টার দিকে আবারো ধর্ষণ করতে গেলে ওই নারী তাকে বাধা দেয় এবং কৌশলে ফোনে তার স্বামীকে জানায়। এতে ক্ষিপ্ত হয়ে সোহাগ ওই নারীকে মারধর করেন এবং তার স্বামী বাড়িতে প্রবেশের সাথে সাথে পালিয়ে যান।
ভুক্তভোগী নারীর স্বামী বলেন, আমি রাতে নদীতে মাছ ধরছিলাম। হঠাৎ আমার স্ত্রী আমাকে ফোন দিলে আমি সাথে সাথে বাড়িতে চলে আসি। তখন সোহাগ আমাকে দেখে পালিয়ে যান। মামলা যাতে না করি এজন্য আমাকে হুমকি দিচ্ছেন। বর্তমানে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি।
কলাপাড়া থানার ওসি (তদন্ত) মোস্তাফিজুর রহমান বলেন, রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।