কুমিল্লায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে কুমিল্লা জেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য প্রতীকী ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৮ জুলাই) সকাল ৭টায় কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ স্টেডিয়ামে পূর্ব থেকে রেজিস্ট্রেশনধারী ছয় শতাধিক প্রতিযোগী প্রতীকী ম্যারাথন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
এর উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি কুমিল্লার জেলা প্রশাসক মো: আমিরুল কায়ছার। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলার পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খান।
এসময় জুলাই আন্দোলনে শহীদ সাদমানের মা কাজী শারমিন আক্তার, শহীদ মাসুম মিয়ার বাবা শাহীন মিয়া, দাউদকান্দির শহীদ রিফাতের মা নিপা, তিতাস উপজেলার শহীদ সুলতানের ভাই সুমন উপস্থিত ছিলেন।
ম্যারাথনটি শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম থেকে শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় স্টেডিয়ামে এসে শেষ হয়। বিজয়ী প্রতিযোগীদের গলায় মেডেল পরিয়ে দেন শহীদ পরিবারের সদস্যরা।
গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে ম্যারাথনে বিভিন্ন স্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।