নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার দুপ্তারা ইউনিয়নের কালিবাড়ী এলাকায় শামসুন্নাহার চৈতি (২৬) নামে এক নারী গার্মেন্টসকর্মীর লাশ উদ্ধার করা হয়েছে।
রোববার (১৬ মার্চ) দুপ্তারা কালীবাড়ী এলাকায় একটি বাড়ি থেকে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
নিহত চৈতি একই গ্রামের সামসুদ্দিনের মেয়ে এবং আড়াইহাজার উপজেলার কালিবাড়ী এলাকার মাছুম মিয়ার বাড়ির ভাড়াটিয়া। তিনি স্থানীয় একটি গার্মেন্টস ফ্যাক্টরির শ্রমিক ছিলেন। নিহতের স্বামী ময়মনসিংহ জেলার তারাকান্দা থানার সাইফুল ইসলাম পলাতক রয়েছে।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন জানান, নিহতের বাম হাতে কাটা দাগ রয়েছে। ধারণা করা হচ্ছে, তাকে দৈহিকভাবে নির্যাতন করে ঘুমের ওষুধ প্রয়োগ করে হত্যা করা হয়ে থাকতে পারে। ময়নাতদন্তের রিপোর্টের ওপর ভিত্তি করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।