টাঙ্গাইলের মির্জাপুরে জমিজমা নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় সাবেক যুবদল নেতা ফজল হক (৫৫) নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্ত্রী মরিয়ম বেগম (৪৫) ও ছেলে মনিরুজ্জামান (২৫) গুরুতর আহত হয়েছেন।
রোববার (২৭ এপ্রিল) সকালে উপজেলার বাঁশতৈল ইউনিয়নের বংশীনগর গ্রামে ঘটনাটি ঘটেছে।
নিহত ফজল হক বংশীনগর গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে। তিনি বাঁশতৈল ইউনিয়নের ৬ নম্বার ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি। পেশায় তিনি ডেকোরেটর ব্যবসায়ী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ৪৭ বছর আগে ফজল হকের দাদি বংশীনগর মৌজায় তার নামে ৫৫ শতাংশ জমি দলিল করে দেন। তবে ওই জমিটি ভোগ দখল করছিলেন ফজল হকের ফুপাত ভাই মরহুম মজিবুর রহমানের ছেলে পারভেজ। এদিকে ৪৭ বছর আগের দলিল পেয়ে ফজল হক জমি দখল পেতে উদ্যোগ নেন। তিনি স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে নিয়ে একাধিক সালিশ বৈঠকও করেন। কিন্তু তাতে কোনো সমাধান না পেয়ে সম্প্রতি আদালতে একটি মামলাও করেন। পরে জমির চারপাশে কাটা তারের বেড়া দিয়ে ঘেরাও দেন।
আজ সকাল সাড়ে ৮টার দিকে পারভেজ ২০ থেকে ২৫ জন লোকসহ দেশীয় ধারালো অস্ত্র নিয়ে ফজল হকের কাটা তারের বেড়া উঠাতে গেলে তিনি বাধা দেন। এ সময় পারভেজ ও তার সাথে থাকা লোকজন ফজল হককে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি আঘাত করে। ফজল হকের চিৎকারে তার স্ত্রী মরিয়ম বেগম ও ছেলে মনিরুজ্জামান এগিয়ে আসলে তাদেরও বেধরক মারপিট করে আহত করেন পারভেজ ও তার দল।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে জামুর্কীস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক ফজল হককে মৃত ঘোষণা করেন।
মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মোশারফ হোসেন জানান, উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে গিয়ে ফজল হকের লাশের সুরতহাল করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।