মিরসরাইয়ে মুরগিবাহী একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের খাদে পড়ে গিয়ে একজন নিহত ও তিনজন আহত হয়েছে।
বুধবার (১৪ মে) রাত ৯টায় উপজেলার ছয়বাইয়া নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় নিহত ব্যক্তি হলেন- মোহাম্মদ রফিক (৩৫) এবং আহতরা হলেন- অনিক (৩২), বাচা (২৯) ও হৃদয় (২৫)। হতাহত সকলে হাটহাজারী ও ফটিকছড়ি থানা এলাকার বলে জানা গেছে।
মিরসরাই সদরের সেবা আধুনিক হাসপাতাল সূত্রে জানা গেছে, ফটিকছড়ি থেকে পাহাড়ি সড়ক দিয়ে মিরসরাই সদরের দিকে আসছিল একটি মুরগির পিকআপ। ছয়বাইয়া নামক এলাকায় পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের খাদে পড়ে গেলে রাস্তায় সিএনজিচালিত অটোরিকসা চালকরা ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে মিরসরাই ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে হতাহত সবাইকে উদ্ধার করে।
মিরসরাই ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ইনচার্জ শাফায়াত হোসেন বলেন, পাহাড়ের অনেক ঢালুতে পিকআপ পড়ে যাওয়া একজন মারা গেছেন। আহত তিনজনকে প্রথমে উপজেলা সদরের সেবা ও মাতৃকা হাসপাতালে পাঠানো হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় আহত দু’জনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরো বলেন, নিহত ব্যক্তিকে মিরসরাই থানায় হস্তান্তর করা হয়েছে।