আড়াইহাজার উপজেলায় পারিবারিক কলহের জেরে স্ত্রী ও ছেলে মিলে কবির হোসেন (৫০) নামে একজনকে পিটিয়ে হত্যা করেছে।

রোববার (৩০ মার্চ) সকাল ৯টার দিকে উপজেলার বিশনন্দী ইউনিয়নের চালাকচর এলাকায় রাস্তার পাশ থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ।

এর আগে, মাহমুদপুর ইউনিয়নের সালমদী এলাকায় তার নিজ বাড়িতে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত কবির উপজেলার মাহমুদপুর ইউনিয়নের সালমদী গ্রামের মরহুম আ: হাসিমের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কবির হোসেন প্রথম স্ত্রী রেখে দ্বিতীয় বিয়ে করেন। এ নিয়ে তার প্রথম স্ত্রী মাজেদা ও তার ছেলে সজীবের সাথে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। রোববার সকালে বাবা-ছেলের মধ্যে কথা কাটাকাটি হলে একপর্যায়ে সজীব ও তার মা লাঠি দিয়ে পিটিয়ে কবিরকে হত্যা করেন। পরে তার লাশ বাড়ি থেকে তিন কিলোমিটার দূরে বিশনন্দীর চালক চর এলাকায় রাস্তায় ফেলে দিয়ে আসে।

আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) এনায়েত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পারিবারিক কলহের জেরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনা তার প্রথম স্ত্রী মাজেদা ও পুত্রবধু তানহাকে আটক করা হয়েছে। থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।