সিলেট সীমান্তে চোরাইপণ্য ধরতে গিয়ে চোরাকারবারিদের হামলার শিকার হয়েছেন বিজিবির সদস্যরা। বুধবার সিলেট ব্যাটালিয়ান ৪৮ বিজিবির আওতাধীন সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার তেরাপুর গ্রামে এই হামলার ঘটনা ঘটে।
এ সময় এক বিজিবি সদস্য আহত হন। পরবর্তীতে বুধবার দিবাগত বৃহস্পতিবার রাত ৩টায় র্যাব, পুলিশ ও বিজিবি সাঁড়াশি অভিযানে হামলাকারী এক চোরাকারবারিকে আটক করে।
বৃহস্পতিবার (৭ আগস্ট) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সিলেট ব্যাটালিয়ান ৪৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো: নাজমুল হক।
আটকদের নাম মো: আরমান আলী (২৮)। তিনি দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর শ্রীপুর গ্রামের কুদ্দুস মিয়ার ছেলে।
বিজিবি সূত্র জানিয়েছে, বুধ ও বৃহস্পতিবার (৬ ও ৭ আগস্ট) সিলেট ও সুনামগঞ্জ সীমান্তে পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় গরু ও মহিষ জব্দ করে বিজিবি। অভিযানকালে বিজিবি সদস্যদের ওপর হামলা চালায় চোরাকারবারিরা। এতে বিজিবির এক সদস্য আহত হন।
এ সময় ৪৮ বিজিবির বাংলাবাজার, লাফার্জ এবং উৎমা বিওপি সদস্যরা বিপুল পরিমাণ ভারতীয় মহিষ এবং গরু আটক করেন। আটক মহিষ ও গরুর মূল্য প্রায় ২ কোটি টাকা। আটক গরু ও মহিষের ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন।
সিলেট ব্যাটালিয়ান ৪৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো: নাজমুল হক জানান, চোরাচালান প্রতিরোধ ও সীমান্ত নিরাপত্তা জোরদারে বিজিবির নিয়মিত আভিযানিক কার্যক্রম এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। তারই ধারাবাহিকতায় এই অভিযান পরিচালনা করা হয় এবং বিপুল পরিমাণ অবৈধ গবাদিপশু জব্দ করা সম্ভব হয়েছে।