ঢাকা-খাগড়াছড়ি সড়কে সিমেন্ট বোঝাই একটি ট্রাক উলটে সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
রোববার (১১ মে) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার করেরহাট ইউনিয়নের নয়টিলা মাজার এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় বিকেল ৪টা পর্যন্ত উলটে যাওয়া ট্রাকটির পাশে এক্সকেভেটর দিয়ে বিকল্প সড়ক তৈরি করে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছেন পুলিশ ও স্থানীয় লোকজন।
স্থানীয় বাসিন্দা সরোয়ার হোসেন বলেন, বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-খাগড়াছড়ি সড়ক দিয়ে সিমেন্ট বোঝাই একটি ট্রাক খাগড়াছড়ির দিকে যাচ্ছিল। পথে করেরহাট ইউনিয়নের নয়টিলা মাজার এলাকায় পাহাড়ি খাড়া রাস্তা ধরে ওঠার সময় চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি সড়কের ওপর আড়াআড়িভাবে উলটে যায়।
এ সময় দু’লেনের সড়কটিতে সব ধরনের যাত্রীবাহী ও মালবাহী যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। দুর্ঘটনার পর খবর পেয়ে পুলিশ ও স্থানীয় লোকজন এক্সকেভেটর এনে উলটে যাওয়া ট্রাকের পাশে তাৎক্ষণিক একটি বিকল্প সড়ক তৈরি করে ছোট যানবাহনগুলো চলাচলের ব্যবস্থা করে দেন।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির মোহাম্মদ সেলিম বলেন, করেরহাট ইউনিয়নের নয়টিলা মাজার এলাকায় পাহাড়ি খাড়া রাস্তা দিয়ে ওঠতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারালে সিমেন্টবোঝাই একটি ট্রাক সড়কের ওপর উলটে যায়। এতে সাময়িক যানবাহন চলাচল বন্ধ থাকে।
পরে এক্সকেভেটর দিয়ে একপাশে বিকল্প রাস্তা করে ছোট যানবাহনগুলো চলাচলের ব্যবস্থা করা হয়। উলটে যাওয়া ট্রাকটি সরিয়ে নিতে কাজ চলছে। তবে এ দুর্ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। সড়কের এই অংশে পাহাড়ি খাড়া রাস্তা হওয়ায় প্রায় সময় দুর্ঘটনা ঘটে।