নেই কোনো কোলাহল, নেই গাড়ির লাইন, নেই কোনো জনমানব। এ যেন অন্য এক মহাসড়ক। যে সড়কে মিনিটে অনেক গাড়ি চলাচল করে সে সড়ক জনমানব ও যানশূন্য।
আজ শনিবার ভোর থেকে এমন দৃশ্য দেখা গেছে দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ব্যস্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চিত্র।
সরেজমিনে দেখা গেছে, মহাসড়কের মিরসরাই উপজেলার ধুমঘাট থেকে সীতাকুণ্ডের সিটি গেইট পর্যন্ত কোনো গাড়ি চলাচল করছে না। মাঝে মধ্যে দু’য়েকটি সিএনজিচালিত অটোরিকশা চলাচল করতে দেখা গেছে।
অথচ গতকাল শুক্রবার সড়কে গাড়ির অনেক চাপ ছিল। তবে কোনো যানজট ছিল না।
সিএনজিচালিত অটোরিকশাচালক ছোটন চন্দ্র নাথ বলেন, ‘অনেকদিন পর আজ অন্যরকম মহাসড়ক দেখতেছি। অথচ এই সড়কে মিনিটে শত গাড়ি আসা-যাওয়া করে। ঈদের কারণে গাড়ি চলাচল করছে না। সন্ধ্যার পর থেকে গাড়ি চলাচল বাড়তে পারে।’
কমলদহ এলাকার বাসিন্দা আরিফ হোসেন বলেন, ’গাড়ি চলাচল না করার কারণে মহাসড়ক যেন পর্যটন স্পট। সড়কের বিভাজক ও দু’পাশে বিভিন্ন ফুল ও ওষুধি গাছের কারণে দেখতে অপরূপ লাগছে। নিরব সড়ক যেন একটু টুকরো পর্যটন স্পট।'