সাভারে দাবি করা চাঁদা না দেয়ায় গুলি ছুঁড়ে আতঙ্ক সৃষ্টি করে দু’টি ইঞ্জিনচালিত নৌকা সন্ত্রাসীরা ছিনিয়ে নেয়ার পর বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকেলে মানিকগঞ্জের সিংগাইরের ভাটিরচর অভিযান চালিয়ে উদ্ধার করা হয়েছে বলে নয়া দিগন্তকে নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জুয়েল মিয়া।
এর আগে বুধবার (৯ এপ্রিল) শেষ বিকেলে সাভার পৌর এলাকার কাতলাপুরে বংশী নদীর মিলন ঘাটে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। নৌকা দু’টি দিয়ে সাভার ও মানিকগঞ্জের মানুষ নৌ-পথে যাতায়াত করতেন বলে জানা গেছে।
অভিযোগ সূত্র জানায়, নৌকা দু’টি যাত্রী পারাপারের খেয়া হিসেবে ব্যবহৃত হতো। সাভার পৌরসভা থেকে ইজারা নিয়ে স্থানীয় কামরুল ইসলাম বংশাই নদীর ঘাট পরিচালনা করছেন।
ইজারাদার কামরুল ইসলামের ছেলে হেদায়েতুল্লাহ জানান, বেশ কিছু দিন ধরে অন্তর খান, মোর্শেদ খানসহ আরো কয়েকজন আমার বাবার কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। চাঁদা না দেয়ায় তারা বাবাকে নানাভাবে হুমকি দিচ্ছিলেন। পরে গত বুধবার সন্ধ্যার একটু আগে অন্তরসহ আরো কয়েকজন ঘাট এলাকায় এসে বাবার কাছে দাবি করা চাঁদার পাঁচ লাখ টাকা চান।
ইজারাদার কামরুল ইসলাম জানান, ‘আমি নিয়ম মেনে খেয়া ঘাট পরিচালনা করছি। সে আমার নিকট পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেছে। সে আগে আওয়ামী লীগের এমপি মমতাজের সাথে ছিল এবং চাঁদাবাজি করতো। সে যখন যে দল ক্ষমতায় আসে সে দল করে। তার পরিচয় সে চাঁদাবাজ।
অভিযুক্ত চাঁদাবাজ অন্তরের বাড়ি মানিকগনজের সিঙ্গাইর থানার ফুটনগরে।
ইজারাদার কামরুল ইসলাম জানান, ‘আমি বিএনপি করি।’
হেদায়েত উল্লাহ জানান, টাকা না দেয়ায় তারা বাবাকে মারধর করতে থাকেন। এ সময় বাবার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অন্তর তার হাতে থাকা পিস্তল দিয়ে গুলি করে আতঙ্ক সৃষ্টি করেন। এরপর অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে খেয়া পারাপারের নৌকা দু’টি নিয়ে যান।
হেদায়েত উল্লাহ আরো জানান, ঘটনার বিষয়ে জানিয়ে তারা সাভার মডেল থানায় অভিযোগ দিয়েছেন।
এদিকে অভিযুক্ত মো: অন্তর খান সাভার পৌর ছাত্রদল পরিচয়ে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাভার পৌরবাসী ও ৬ নম্বর ওয়ার্ডবাসিকে শুভেচ্ছা জানিয়ে পোষ্টারের মাধ্যমে প্রচারনা চালাতে দেখা গেছে।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল মিঞা আরো বলেন, তার নেতৃত্বে একটি টিম অভিযান চালিয়ে বিকেল সাড়ে ৪টায় সিঙ্গাইরের ভাটিরচর থেকে নৌকা দু’টি উদ্ধার করেন।