ময়মনসিংহে বিবাহ বিচ্ছেদের ঘটনার জেরে সাবেক স্ত্রী রওশন আরাকে (৪২) ছুরিকাঘাতে হত্যার পর স্বামী মো: রাকিব (৫০) নিজেও আত্মহত্যা করেছেন।
মঙ্গলবার (১ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে ময়মনসিংহ নগরীর গুলকিবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রওশন আরা ওই এলাকায় সন্তানদের নিয়ে ভাড়া বাসায় থাকতেন। আত্মহত্যাকারী মো: রাকিব সেনবাড়ী এলাকার মরহুম আলতাফ উদ্দিনের ছেলে। তাদের বড় মেয়ে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে ও ছোট মেয়ে ময়মনসিংহ নগরের ক্যান্টনমেন্ট কলেজে উচ্চ মাধ্যমিকে পড়ছেন বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন যাবত রাকিব এলাকায় ছিল না। এরই মধ্যে চলতি বছরের ফেব্রুয়ারিতে রাকিব ও তার স্ত্রী রওশনের বিবাহ বিচ্ছেদ হয়। রওশন দু’মেয়েকে নিয়ে নগরীর গুলকিবাড়ী এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিলেন। কিন্তু বিবাহ বিচ্ছেদ হওয়ার পর তার প্রতি ক্ষুব্ধ হয়ে ওঠেন রাকিব।
মঙ্গলবার ভোরে রওশন আক্তার যে বাসায় ভাড়া থাকেন সে বাসায় প্রবেশ করে তাকে ছুরিকাঘাত শুরু করেন রাকিবুল। মাকে ছুরিকাঘাত করতে দেখে ছোট মেয়ে রোজা আক্তার ভয়ে পেয়ে অন্য একটি কক্ষে আশ্রয় নেয়। রওশন আক্তারকে হত্যার পর রাকিবুল নিজে বাসার অপর একটি কক্ষে ফ্যানের সাথে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেন।
ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আবদুল্লাহ আল মামুন বলেন, ‘গত ২৪ জুন ওমান থেকে দেশে আসেন রাকিবুল করিম। প্রায় তিন মাস আগে স্ত্রী তাকে তালাক দেন। আজ বাসায় ঢুকে প্রথমে স্ত্রীকে হত্যা করে। তার পর নিজের জমিজমার দলিলপত্র মেয়েকে বুঝিয়ে দিয়ে নিজেও আত্মহত্যা করেন।
কোতোয়ালি মডেল থানাধীন ২ নম্বর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো: সাজেদ কামাল জানান, ‘খবর পেয়ে লাশগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনিব্যবস্থা প্রক্রিয়াধীন।’