ময়মনসিংহের ভালুকায় একটি পরিত্যক্ত সুটিং স্পটে সাবাব সরকার (২৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার সকালে স্থানীয়রা লাশটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। এর আগে, সোমবার (১৪ এপ্রিল) রাতে উপজেলার হাবিরবাড়ি ইউনিয়নের জীবতলা গ্রামে এ ঘটনা ঘটে। সাবাব ওই গ্রামের ইউনিয়ন কৃষক লীগ নেতা হাফিজ উদ্দিন সরকারের ছেলে। তিনি পেশায় বিদ্যুৎ মিস্ত্রি ও ডাম্পট্রাক চালক।
পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে পাওনা টাকা দেয়ার কথা বলে কেউ সাবাবকে মোবাইলে ফোন করে ডেকে নিয়ে যায়। পরে পরিত্যক্ত লাভনী সুটিং স্পটে (স্থানীয়ভাবে এনটিভি প্রজেক্ট নামে পরিচিত) তার লাশ পাওয়া যায়। লাশের হাতে ও মুখে আঘাতের চিহ্ন দেখা গেছে।
সাবাবের বাবা হাফিজ উদ্দিন দাবি করেছেন, তার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
ভালুকা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে বলেও জানান তিনি।