ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই উপজেলার বারৈয়ারহাট পৌর সদরে আন্ডারপাস বা ওভারপাস নির্মাণের দাবিতে ব্যবসায়ী ও এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন করা হয়েছে।

সোমবার (২৩ জুন) সকালের দিকে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় ব্যবসায়ীরা।

বারৈয়ারহাট পৌরবাজার উন্নয়ন কমিটি ও সাধারণ ব্যবসায়ীদের উদ্যোগে কর্মসূচিতে সভাপতিত্ব করেন বাজার উন্নয়ন কমিটির সিনিয়র সহ-সভাপতি হাজী ইউসুফ মানিক।

এ সময় বারৈয়ারহাট পৌর বাজার উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক কাজী মো: ওমর ফারুক ও ব্যবসায়ী জাহিদ হোসেন বাপ্পির সঞ্চালনায় কর্মসূচিতে বক্তব্য দেন মিরসরাই উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও পৌর বাজারের ব্যবসায়ী গাজী নিজাম উদ্দিন, বাজার উন্নয়ন কমিটির উপদেষ্টা জসিম উদ্দিন ভেন্ডার, সদস্য নাজমুল হক সোহাগ, নজরুল ইসলাম লিটন, আনোয়ার হোসেন, আবুল বাশার, আব্দুল মান্নান বাবুল, ব্যবসায়ী কামরান সরোয়ার্দী ও নেছারুল ইসলাম।

মানববন্ধনে বক্তারা বলেন, ব্যস্ততম এই মহাসড়কে প্রতিদিন হাজারো মানুষ পারাপার হন। কিন্তু নিরাপদ সড়ক পারাপারের কোনো ব্যবস্থা না থাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটছে। ফুটওভার সেতু থাকলেও তা দিয়ে শিশু, বৃদ্ধ ও অসুস্থ রোগীদের চলাচল করা কঠিন। এতে সাধারণ মানুষ যেমন ভোগান্তির শিকার হচ্ছেন, তেমনি ব্যবসায়ীরাও ক্ষতির মুখে পড়ছেন। তারা দ্রুততম সময়ের মধ্যে বারৈয়ারহাটে আন্ডারপাস বা ওভারপাস নির্মাণের দাবি জানান।

এ সময় দাবি বাস্তবায়নে দ্রুততম সময়ে পদক্ষেপ না নিলে ভবিষ্যতে আরো বড় কর্মসূচির হুঁশিয়ারি দেন বক্তারা।