বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপ, টানা ভারী বর্ষণ ও দমকা হাওয়ার পর থেকে মিরসরাই উপজেলায় গত ২৪ ঘণ্টারও বেশি সময় ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে বিভিন্ন এলাকা। ফলে মোবাইল ফোন নেটওয়ার্কের মারাত্মক বিপর্যয় দেখা দিয়েছে। বিচ্ছিন্ন হয়ে পড়েছে জনজীবন। অনেক আইপএসে চার্জ শেষ হয়ে গেছে। ভোগান্তিতে এখানকার সাধারণ মানুষ।

জানা গেছে, বৃহস্পতিবার সকাল থেকে মিরসরাইয়ে গুড়ি গুড়ি বৃষ্টি হলেও দুপুর থেকে বৃষ্টি বেড়ে যায়। বৃষ্টির সাথে দমকা হাওয়ার সাথে বিকেলে উপজেলায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। আজ শুক্রবার বিকেল ৪টা পযন্ত বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে অনেক এলাকা।

মো: মাসুম উদ্দিন নামে এক যুবক বলেন, মিরসরাই পল্লী বিদ্যুৎ অফিসের নাম্বারে কল দিলে ব্যস্ত বলে এবং কল রিসিভ হয় না। আমরা যারা গ্রামে থাকি তাদের খবর কেউ রাখে নাই। বিদ্যুৎ না থাকায় মোবাইল বন্ধ হয়ে যাওয়ায় আত্মীয়সহ কারো সাথে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না।

অটোরিকশাচালক মহিউদ্দিন বলেন, ‘হালকা একটু বৃষ্টি আর বাতাস হলে বিদ্যুৎ চলে যায়। যাওয়ার পর আর আসার কোনো খোঁজ থাকে না। গতকাল বৃহস্পতিবার দুপুরের পর বিদ্যুৎ গেছে যে ২৪ ঘণ্টারও বেশি সময় হয়ে গেছে এখনো পযন্ত বিদ্যুৎ আসে নাই। বিদ্যুৎ না থাকায় গাড়িতে চার্জ দিতে পারি নাই। এই গাড়ি চালিয়ে আমার সংসার চলে।’

মো: আরিফ নামের এক যুবক বলেন, ‘এত ঘণ্টা বিদ্যুৎ না থাকায় বিপাকে পড়েছি। মোবাইলে চার্জ না থাকায় আত্মীয়দের সাথে যোগাযোগ করতে পারছি না।’

সাহেরখালী ইউনিয়নের নাজমা আক্তার লাকী বলেন, ‘আমাদের এইখানে গতকাল বৃহস্পতিবার সকাল থেকে বিদ্যুৎ বন্ধ রয়েছে। বিদ্যুৎ না থাকায় আত্মীয়দের কারো সাথে যোগাযোগ করতে পারছি না। এছাড়া মোবাইলের নেটওয়ার্ক নাই।’

রুপা আক্তার নামে এক গৃহবধূ বলেন, ‘বিদ্যুৎ না থাকায় ফ্রিজে রাখা জিনিসপত্র নষ্ট হয়ে যাচ্ছে এবং মোটরের পানি তুলতে পারছি না। এতে করে গোসল, ওয়াশরুমের সমস্যা হচ্ছে। বিশেষ করে ঘরে ছোট্ট বাচ্চা ও শ্বশুর-শাশুড়ি রয়েছে।’

এ বিষয়ে চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-৩ এর মিরসরাই জোনাল অফিসের ডিজিএম আদনান আহম্মদ চৌধুরীর কাছে জানতে চাইলে তিনি বলেন, গতকাল বৃহস্পতিবার বিকেল থেকে দমকা বাতাসের কারণে অনেক জায়গায় খুঁটি পড়ে গেছে। তার ছিড়ে যাওয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। প্রায় ১১২টি স্পটে সমস্যা হয়েছে। কর্মীরা মাঠে কাজ করে যাচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক থাকলে কালকের মধ্যে পরিস্থিতি উন্নতি হবে। আর যদি আবারো দমকা বাতাস হয় তাহলে সমস্যা।