খুলনায় বাড়ি থেকে ডেকে নিয়ে রাশেদ কাজী (২০) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (২ জুন) মহানগরীর লবনচরা থানার সাচিবুনিয়ার স্কুলভিটা এলাকার স্কুলের সামনে এ ঘটনা ঘটে।

রাশেদ মহানগরীর লবনচরা থানার কৃষ্ণনগর এলাকার বাসিন্দা কাজী আনিসুর রহমানের ছেলে এবং নগরীর একটি প্রেসে কাজ করতেন।

নিহতের বড় ভাই কাজী রাইসুল বলেন, ‘সকালে আমি ঘরে ঘুমিয়ে ছিলাম। ছোট ভাইয়ের স্ত্রীর মাধ্যমে জানতে পারি বেলা সোয়া ১১টার দিকে রাশেদের পরিচিত একজন তাকে বাড়ি থেকে ডেকে বাহিরে নিয়ে যায়। পরে শুনতে পাই তাকে স্কুলভিটায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করা হয়েছে। লোকজন তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে সেখানে তার মৃত্যু হয়।’

লবনচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোশাররফ হোসেন বলেন, ‘পূর্ব শত্রুতার জেরে তাকে হত্যা করা হতে পারে। তিনি অন্য একজনের স্ত্রীকে ভাগিয়ে নিয়ে বিয়ে করেছিলেন, তা নিয়ে মামলাও রয়েছে। তবে ঘটনার বিস্তারিত ও হত্যার সঠিক কারণ এখনই বলা যাচ্ছে না।’

এর আগে, গত ১৯ মার্চ রাশেদের বাড়িতে ঢুকে তার বাবা কাজী আনিসুর রহমান, মা রঞ্জুয়ারা বেগম, বড় ভাই রাইসুল ইসলাম ও স্ত্রী ফাহিমাকে গুলি করেছিল দুর্বৃত্তরা।