গাজীপুরে ঢাকাগামী আন্তঃনগর চিলহাটি এক্সপ্রেস ট্রেনের চারটি বগি লাইনচ্যুতির ঘটনায় শেষ খবর সন্ধ্যা পর্যন্ত প্রায় সাড়ে চার ঘন্টা ঢাকা-টাঙ্গাইল রুট হয়ে উত্তরবঙ্গের সাথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে বিকল্প রুটে ট্রেন চালানোর চেষ্টা চলছে।
রোববার (১৩ এপ্রিল) মহানগরীর সালনা এলাকায় এ ঘটনা ঘটে।
রেলওয়ের জয়দেবপুর জংশনের স্টেশন মাস্টার আবুল খায়ের চৌধুরী জানান, নীলফামারী জেলার চিলাহাটি স্টেশন থেকে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল চিলহাটি এক্সপ্রেস ট্রেন। দুপুর আড়াইটার দিকে ট্রেনটি গাজীপুর মহানগরীর সালনা ব্রিজের কাছে পৌঁছলে চলন্ত ওই ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হয়ে যায় এবং রেললাইনের বেশকিছু অংশ ক্ষতিগ্রস্থ হয়। এসময় চালক দক্ষতার সাথে দ্রুত ট্রেনের গতি নিয়ন্ত্রণ করেন। এতে অল্পের জন্য রক্ষা পান ওই ট্রেনের যাত্রীরা। এ ঘটনায় ঢাকা-টাঙ্গাইল রুট হয়ে উত্তরবঙ্গ চলাচলকারী সকল ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
খবর পেয়ে ঢাকা থেকে রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে লাইনচ্যুত বগি উদ্ধারের কাজ শুরু করে। উদ্ধারকর্মীরা লাইনচ্যুত বগিগুলোকে ট্রেন থেকে আলাদা করলে ঢাকাগামী ওই ট্রেনটি অবশিষ্ট বগি নিয়ে যাত্রীসহ গন্তব্যের উদ্দেশ্যে ঘটনাস্থল ত্যাগ করেন। সন্ধ্যা ৭টা পর্যন্ত উদ্ধার কাজ চলছিল। বগি উদ্ধারের পর উত্তরবঙ্গের সাথে ট্রেন চলাচল স্বাভাবিক হবে। তবে বিকল্প রুটে ট্রেন চালানোর চেষ্টা করা হচ্ছে।